যশোরের মনিরামপুরে মাত্র ৫ হাজার টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের চারজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আহতদের মধ্যে ভ্যানচালক মিন্টু হোসেন (৩৮) শুক্রবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গুরুতর আহত মিন্টুর দুই ভাই সেন্টু ও পিকুল এবং মা আমেনা বেগম এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে মিন্টুর ভ্যান চুরি হলে স্থানীয় মোহাম্মদ আজিম তাকে নতুন ভ্যান কেনার জন্য ৫ হাজার টাকা দেন। পরে সেই টাকা ফেরত নেওয়ার নামে সম্প্রতি হাকোবা গ্রামের বিএনপি নেতা সাব্বির হোসেন ও তার সহযোগীরা মিন্টুর পরিবারের ওপর চাপ সৃষ্টি করে আসছিল।
গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে পুনরায় টাকা চাইতে গেলে কথাকাটির একপর্যায়ে সাব্বিরের নেতৃত্বে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে মিন্টুসহ তার পরিবারের চারজন গুরুতর আহত হন। গুরুতর আহত মিন্টু, সেন্টু ও পিকুলকে প্রথমে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকায় পাঠানো হয়। সেখানে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মিন্টুর মৃত্যু হয়। অপর ভাই সেন্টুর অবস্থাও আশঙ্কাজনক।
এ ঘটনায় নিহতের মা আমেনা বেগম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও দুজনকে আসামি করে মামলা করেছেন। মনিরামপুর থানা পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে ছোট সাব্বির (২০) ও ফারুক হোসেন (৪৫) নামে দুজনকে আটক করেছে। তবে প্রধান আসামি বড় সাব্বির পলাতক রয়েছেন।
মনিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান জানান, হামলার ঘটনায় গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।