কুলাউড়ার মোবারকপুর প্রাথমিক বিদ্যালয়

ক্লাসে অনিয়মিত শিক্ষকরা দুর্ব্যবহারের অভিযোগ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের মোবারকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে গত ২৬ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী অভিভাবক রুনেল আহমদ, মাসুক মিয়া, মুহিদ আহমদ, সাহেদা আক্তার ও পলি বেগম। অভিযোগের অনুলিপি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকেও দেওয়া হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, বিদ্যালয়ে দেড় শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে, রয়েছেন সাতজন শিক্ষক। কিন্তু শিক্ষার্থীরা সঠিকভাবে পাঠদান থেকে বঞ্চিত হচ্ছেন। ক্লাসে নিয়মিত না আসা, স্কুলে দেরিতে আসা-যাওয়া, পরীক্ষার সময় শিক্ষার্থীদের উত্তর বলে দেওয়া, শিক্ষার্থীদের দিয়ে ময়লা পরিষ্কার করানো, ক্লাস চলাকালে মোবাইল ফোনে কথা বলাসহ নানা অভিযোগ উঠেছে শিক্ষকদের বিরুদ্ধে।

অভিভাবকরা জানান, চলমান দ্বিতীয় সাময়িক পরীক্ষার সময় কিছু শিক্ষক ও তাদের পছন্দের অভিভাবকরা শ্রেণিকক্ষে প্রবেশ করে বা জানালা দিয়ে শিক্ষার্থীদের উত্তর বলে দেয়। এসব বিষয়ে প্রতিবাদ জানালে অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এ ছাড়া শিক্ষক মোহাম্মদ মুজির উদ্দিন ও রেহানা আক্তারের বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণ এবং অভিভাবকদের সঙ্গে অশোভন ব্যবহার করারও অভিযোগ রয়েছে।

অভিভাবক রুনেল আহমদ ও মাসুক মিয়া বলেন, শিক্ষকরা সময়মতো বিদ্যালয়ে আসেন না। অনেক সময় বেলা ১১টার পর আসেন। স্থানীয় হওয়ায় তারা ইচ্ছেমতো আসা-যাওয়া করেন। অভিভাবক পলি বেগম বলেন, ‘বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ক্লাস না নিয়ে অফিসে বসে আড্ডা দেন। নিয়মিত স্কুলে না আসায় শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।’

অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রজেশ কান্তি দেবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’