রূপগঞ্জে পুকুর থেকে ২ জনের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো বিশ্বরোড এলাকায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে মাদ্রাসা ছাত্র সালমানের (১৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে উপজেলার তারাবো বিশ্বরোড এলাকা একটি পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এদিকে, সকালে উপজেলার গোলাকান্দাইল এলাকায় পুকুরে মাছ ধরতে নেমে নিখোঁজ আলমগীরের (৪০) মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সালমান স্থানীয় বরাবো এলাকার আনোয়ার হোসেনের ছেলে এবং নিহত আলমগীর উপজেলার হাটাবো আতলাশপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে।

রূপগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে গোসল করার কথা বলে বাড়ি থেকে বের হয় সালমান। পরদিন সরকারি পরিষেবা ৯৯৯ এ কল করলে পুলিশ তারাবো বিশ্বরোড মারকাজ মসজিদের পাশের পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করে। পরে নিহতের পিতা ঘটনাস্থলে এসে মরদেহ দেখে শনাক্ত করেন। অন্যদিকে, শুক্রবার রাতে উপজেলার গোলাকান্দাইল পূর্বপাড়া কাঠপট্টি কমিউনিটি সেন্টারের পাশের পুকুরে মাছ ধরতে নেমে পুকুরের পানিতে ডুবে যায়।

পুলিশ জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উভয় ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।