চট্টগ্রামের আনোয়ারায় প্রভাব খাটিয়ে সরকারি জায়গা দখলে ব্যর্থ হয়ে আদালতে মিথ্যা মামলা দিয়ে একজন ঠিকাদার ও তার পরিবারকে হয়রানির অভিযোগ উঠেছে নবাব খান (৬২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার বৈরাগ ইউনিয়নের বন্দর কমিউনিটি সেন্টার এলাকায়। এ ঘটনায় প্রতিকার চেয়ে গতকাল শনিবার সকালে স্থানীয় সাংবাদিকদের নথিপত্রসহ অভিযোগ করেছেন ভুক্তভোগী ঠিকাদার মো. ইদ্রিচ। তিনি হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি ও ঘটনার ন্যায়বিচার দাবি করেন।
জানা যায়, উপজেলার বন্দর কমিউনিটি সেন্টার এলাকার ৮ শতাংশ সরকারি জায়গা দখলে রাখতে চান নবাব খান। এতে মো. ইদ্রিচসহ অন্যান্য ব্যবসায়ীরা বাধ সাধায় গত ১০ জুলাই চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দোকান ভাঙচুর ও চাঁদাবাজির মিথ্যা মামলা করেন নবাব খান। মামলাটির আমমোক্তারনামামূলে বাদী হয়েছেন নবাব খানের অফিস পিয়ন সাবের আহম্মদ। মামলায় ইদ্রিচের দুই ছেলে বিশ্ববিদ্যালয় পড়ুয়া আশরাফ উদ্দিন (২২) ও মোহাম্মদ ইছহাককেও (২৫) আসামি করা হয়েছে। এ অবস্থায় হয়রানি থেকে বাঁচতে মামলার সঠিক তদন্তের মাধ্যমে ন্যায়বিচার দাবি করেছেন তিনি।
মামলার বাদী সাবের আহম্মদ বলেন, ‘আমাদের অনেক দোকান ভেঙে দিয়েছে তারা। আবার দোকান বাঁধতে গেলে চাঁদা দাবি করা হয়। তাই মামলা করেছি।’ তবে এটি সরকারি জায়গা কি না, জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।
এদিকে মামলাটি আমলে নিয়ে ডিবি (বন্দর) বিভাগকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা এসআই জয়নাল আবদীন বলেন, ‘আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করা হচ্ছে।’