দায়িত্ব পালনে অনিয়ম, অবহেলা ও দুর্নীতির অভিযোগে বগুড়ার সোনাতলা থানার ওসি মো. মিলাদুন্নবীকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল শনিবার সকালে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে জারি হওয়া অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। তাকে পুলিশ অফিস বগুড়ার ওআর শাখায় সংযুক্ত করা হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়, দায়িত্ব পালনের সময় ওসি মিলাদুন্নবী ধর্তব্য অপরাধে মামলা রুজু না করে আইন লঙ্ঘন করেছেন। এ ছাড়া অপরাধীদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যান শনাক্তে বিআরটিএর সঙ্গে পত্রালাপ না করে দায়িত্বে অবহেলা করেছেন।
একই সঙ্গে গুরুত্বপূর্ণ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে ব্যর্থতা এবং পুলিশ ক্লিয়ারেন্স প্রদানের ক্ষেত্রে অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে তাকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়।