পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কোড়ালিয়া থেকে গলাচিপা উপজেলার বোয়ালিয়া রুটে চলাচল করা স্পিডবোট কোম্পানির মালিক ও কর্মচারী পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গত শুক্রবার বিকেলে রাঙ্গাবালীর কোড়ালিয়া স্পিডবোট কাউন্টারে এ ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন। আহতদের মধ্যে তিনজনকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, এ ঘটনার পর গভীর রাতে কোড়ালিয়া ঘাট থেকে তিনটি স্পিডবোট নিখোঁজ হয়। পরে শনিবার সকালে ঘাট সংলগ্ন চরইমারশনে একটি স্পিডবোট ইঞ্জিনবিহীন অবস্থায় আগুনে পুড়ে থাকা অবস্থায় পাওয়া যায়। বাকি দুটি স্পিডবোট উদ্ধার করা হয় বড়বাইশদিয়া ইউনিয়নের ১২ নম্বর ডিগ্রি এলাকা থেকে। এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি শামীম হাওলাদার বলেন, এখনো কোনো পক্ষ অভিযোগ বা মামলা দায়ের করেনি। ঘটনার তদন্ত চলছে।