দুপুরের রোদ যেন আরও তীব্র হয়ে ওঠে হিরুর বাড়ির উঠানে। কাঠফাটা রোদেও দরজার চৌকাঠে বসে থাকেন ফরিদা ইসলাম হাসি। বুকের ভেতর একটাই প্রার্থনা, একদিন হয়তো ফিরে আসবেন তার স্বামী সাইফুল ইসলাম হিরু। কুমিল্লার লাকসামের সাবেক সংসদ সদস্য হিরু ও তার সহকর্মী বিএনপি নেতা হুমায়ূন কবীর পারভেজের গুম হওয়ার ১২ বছর পার হয়ে গেছে। কিন্তু আজও তাদের কোনো খোঁজ নেই।
পারিবারিক সূত্র জানায়, ১২ বছর আগে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লাকসাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম হিরু এবং লাকসাম পৌর বিএনপির সাবেক সভাপতি হুমায়ূন কবীর পারভেজকে গুম করা হয়। ওই দুই নেতা কি এখনো জীবিত আছেন? নাকি তাদের হত্যা করা হয়েছে? ১২ বছরেও এমন প্রশ্নের উত্তর দিতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
মামলার অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৭ নভেম্বর রাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার হরিশ্চর এলাকায় র্যাব সদস্যরা ঢাকাগামী অ্যাম্বুলেন্স থেকে সাইফুল ইসলাম হিরু, হুমায়ূন কবির পারভেজ এবং বিএনপি নেতা জসিম উদ্দিনকে তুলে নিয়ে যায়। পরে জসিমকে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অন্য একটি মাইক্রোবাসে তুলে দেয়। কিন্তু হিরু ও পারভেজকে পুলিশে সোপর্দ করা হয়নি। এরপর থেকে তারা ‘নিখোঁজ’।
হিরুর একমাত্র ছেলে রাফসানুল ইসলাম এখন ২৯ বছর বয়সী যুবক। তিনি বলেন, ‘বাবাকে হারিয়ে আমরা তছনছ হয়ে গিয়েছিলাম। লাকসাম থানায় মামলা নিতে চায়নি। শেষে জিডি করেছি। র্যাব-১১ বলল, তারা আটক করেনি। তবে আমরা জানি, সেদিন ওরাই নিয়েছিল।’ তিনি আরও বলেন, ‘আয়নাঘর থেকে যখন অনেকে ফিরতে শুরু করল, তখন নতুন করে আশার আলো দেখি। আমরা এখনো আশায় আছি, হয়তো বাবা একদিন ফিরে আসবেন।’