মেরুন টি-শার্ট পরা যুবকের পরিচয় মিলেছে

রাজধানীর কাকরাইলে শুক্রবার (২৮ আগস্ট) রাতে গণঅধিকার পরিষদের নেতাদের ওপর হামলার সময় যাকে মেরুন রঙের টি-শার্ট পরে দেখা গিয়েছিল, তার পরিচয় পাওয়া গেছে।

জানা গেছে, তিনি পুলিশের কনস্টেবল মিজানুর রহমান। এই পুলিশ সদস্য বর্তমানে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিরুল আমীনের গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। শনিবার (৩০ আগস্ট) বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

পল্টন থানার একটি সূত্র জানিয়েছে, মিজানুর রহমান নুরুল হক নুরকে সরাসরি আঘাত করেননি; তিনি অন্য নেতাকর্মীর ওপর হামলা চালান।

এর আগে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ বিরোধী মিছিল চলাকালে সংঘর্ষ ও পুলিশের লাঠিচার্জে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হন।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে মেরুন শার্ট পরিহিত ওই যুবককে লাঠিপেটা করতে দেখা যায়। 

তবে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন, ভিডিওতে মারধরের শিকার হওয়া ব্যক্তি নুর নন, বরং সংগঠনের অন্য নেতা সম্রাট।