ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পাওয়া এস এম ফরহাদের প্রার্থিতাকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট মামলার শুনানি আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ফরহাদের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির তার ফেসবুক পেজে।
রিটটি দাখিল করেছেন বামজোট সমর্থিত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদ আলম। এই রিটের মাধ্যমে আদালতের কাছে ফরহাদের প্রার্থিতা বৈধ কি না তা নির্ধারণ করার জন্য বিচার বিভাগীয় সিদ্ধান্ত কামনা করা হয়েছে।
সূত্র জানায়, হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন বেঞ্চ মামলাটির শুনানি গ্রহণ করতে পারে। রিটের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া, আর ফরহাদের পক্ষে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
এবারের ডাকসু নির্বাচনে ছাত্রশিবির থেকে ভিপি পদে সাদিক কায়েম এবং জিএস পদে এস এম ফরহাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্ধারিত তারিখ অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।