মুন্সীগঞ্জ শহরের একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৩১ আগস্ট) বিকেলে শহরের খালইষ্ট এলাকার সিঙ্গাপুর প্রবাসী সবুজ কাজীর নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হচ্ছেন- শাহীন ইসলাম (২৮), ফিরোজ মিয়া (১৮) ও মোহাম্মদ ইব্রাহিম (২৫)। নিহত শ্রমিক শাহীনের বাড়ি পঞ্চগর, ফিরোজের বাড়ি গাইবান্ধা ও ইব্রাহিমের বাড়ি রংপুরে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, এদিন সকাল থেকেই নির্মাণাধীন ওই ভবনের সোয়ারেজের কাজসহ অন্যান্য কাজ করছিলেন শ্রমিকরা। দুপুরের দিকে ভবনের সেপটিক ট্যাংকের স্যাটারিংয়ের কাজ চলছিলো। প্রথমে এক শ্রমিক সেপটিক ট্যাংকের ভেতর প্রবেশ করে। বিষাক্ত গ্যাস জমে থাকায় ওই শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। এতে তাকে উদ্ধার করতে সেপটিক ট্যাংকে নামে আরো দুই শ্রমিক। এতে তারাও অসুস্থ্ হয়ে পড়ে। একপর্যায়ে অন্যান্য শ্রমিকরা বিষয়টি বুঝতে পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছান। তার আগেই সেপটিক ট্যাংকের ভেতরে ওই তিন শ্রমিকের মৃত্যু হয়। বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা মেশিনের মাধ্যমে সেপটিক ট্যাংকের ভেতর জমে থাকা বিষাক্ত গ্যাস অপসারণ করেন। এসময় তারা তিন শ্রমিকদের মরদেহ উদ্ধার করেন।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরেই নির্মাণাধীন ভবনের কাজ চলে আসছিলো। সেপটিক ট্যাংকের কাজ চলাকালে প্রথমে এক শ্রমিক নীচে নামে। এসময় ওই শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাকে বাঁচাতে আরো দুই শ্রমিক নীচে নেমে তারাও অসুস্থ হয়ে পড়ে। এক পর্যায়ে তিন শ্রমিকই মারা যান। শ্রমিকদের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবেন।