স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সঙ্গে ২৯ মিলিয়ন মার্কিন ডলারের ইন্টারেস্ট রেট সোয়াপ (আইআরএস) চুক্তি স্বাক্ষর করেছে দেশের অন্যতম ওষুধ উৎপাদনকারী কোম্পানি রেনাটা পিএলসি। এ চুক্তি রেনাটাকে দীর্ঘমেয়াদি ঋণে সুদহারের পরিবর্তনশীলতা মোকাবিলায় সহায়তা করবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করাও সহজ হবে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় এবং রেনাটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এস. কায়সার কবির। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের করপোরেট অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের (সিআইবি) হেড অব করপোরেট কভারেজ ও ফারিয়া কবির, হেড অব মার্কেটস অ্যান্ড করপোরেট সেলস সাবাহ সালেহীন আজিম এবং রেনাটা পিএলসির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) মুসতাফা আলিম আওলাদ।
চুক্তির আওতায় রেনাটা তাদের পাঁচ বছর মেয়াদি ঋণের ফ্লোটিং বা ভাসমান সুদহার সংক্রান্ত দায়কে ফিক্সড বা স্থির সুদহার প্রদানের চুক্তিতে রূপান্তর করতে পারবে। ফলে ঋণের মেয়াদকালে বাজারে সুদের হার বেড়ে গেলেও রেনাটা থাকবে সুরক্ষিত। পূর্ণ মেয়াদের জন্য নির্দিষ্ট হারে ঋণ পরিশোধের মাধ্যমে ফার্মাসিউটিক্যাল কোম্পানিটি পুরো সময়জুড়ে একটি অনুমানযোগ্য নগদ প্রবাহের নিশ্চয়তা পাবে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড সর্বদা গ্রাহকদের সর্বাধুনিক আর্থিক সমাধান প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এ উদ্যোগ আমাদের গ্রাহকদের আর্থিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে সহায়তা করে। এই আইআরএস চুক্তির মাধ্যমে আমরা দেশের একটি অন্যতম ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে পরিবর্তনশীল সুদের ঝুঁকি সামলাতে সহায়তা করছি। এ চুক্তিটি আমাদের দেশীয় তথা বিশ্ববাজারের ব্যাংকিং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উত্তম ঝুঁকি ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি আর্থিক নিশ্চয়তা প্রদানের যোগ্যতার একটি প্রতিফলন।’