নেত্রকোনায় পূর্ববিরোধের জের

পাল্টাপাল্টি হামলায় বিএনপি নেতাসহ দুজন নিহত

নেত্রকোনায় পূর্বশত্রুতার জেরে পাল্টাপাল্টি হামলায় সাবেক ইউপি সদস্যসহ দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। জেলার সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামে গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা বলছেন, এলাকায় আধিপত্য বিস্তার এবং জমি, টাকাসহ পারিবারিক বিরোধের জেরে এই দুটি হত্যাকা- ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে তিন নারীকে আটক করেছে।

নিহতরা হলেন মৌগাতি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি দুজাহান মিয়া (৫৫) এবং একই গ্রামের মোফাজ্জলের ছেলে নুর মোহাম্মদ (২৯)।

পুলিশ, স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রফিকের সঙ্গে দুজাহানের বিরোধ চলে আসছিল। শনিবার জেলা বিএনপির সম্মেলন শেষে রাত ১টার দিকে দুজাহান মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে জামাটি গ্রামে ওত পেতে থাকা দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে দুজাহানকে হত্যা করে। এরপর দুজাহানের সমর্থকরা ওই গ্রামের রফিকুলের বাড়িতে হামলা করেন। এ সময় সংঘর্ষে রফিক তার ভাতিজা নুর মোহাম্মদ ও নুর মোহাম্মদের মা মনোয়ারাসহ চারজন আহত হন। আহতদের উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিলে নুর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এর আগেই দুজাহানের লাশ নেত্রকোনা জেলা হাসপাতালে নেওয়া হয়। মনোয়ারা এবং রফিকুলকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত দুজাহানের স্বজনরা জানান, মৌগাতি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও একই ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আমজাদের সঙ্গে পাওনা টাকা নিয়ে বিরোধ ছিল দুজাহানের। পাওনা টাকা চাওয়ায় পরিকল্পিতভাবে দুজাহানকে হত্যা করা হয়েছে।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কান্তি সরকার জানান, ঘটনাস্থল থেকে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।