নরসিংদীর রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অননুমোদিত সার বিক্রয়ের দায়ে ছয় দোকান মালিককে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৭০ বস্তা সার জব্দ করা হয়। জব্দ করা সার নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।
গতকাল রবিবার দুপুরে উপজেলার জঙ্গা শিবপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।
ইউএনও মাসুদ রানা বলেন, অনেক খুচরা ব্যবসায়ী অনুমোদনহীন ও লাইসেন্সবিহীন সার বিক্রি করছেন এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছয়টি মামলায় মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা ৭০ বস্তা সার স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। পাশাপাশি সরকারি অনুমোদন ছাড়া সার ও কীটনাশক বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে।
অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোস্তাকিম বিল্লাহ মুনিম ও মো. সোহেল রানা।