সংঘর্ষে আহত যুবকের মৃত্যু লাশ নিয়ে সড়ক অবরোধ

লালমনিরহাটের হাতীবান্ধায় দুই প্রতিবেশীর বিরোধের জেরে সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তার মৃত্যুর প্রতিবাদে লাশ নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

গতকাল রবিবার দুপুরে হাতীবান্ধা মেডিকেল মোড়ে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। নিহত আনোয়ার হোসেন হাতীবান্ধা উপজেলার সিংগিমারী এলাকার অহেদ আলীর ছেলে।

জানা যায়, গত ১৭ আগস্ট বাড়ির পাশে একটি ইউকেলিপটাসগাছ কাটাকে কেন্দ্র করে প্রতিবেশী শহিদুল ইসলামের সঙ্গে বিরোধে জড়ান আনোয়ার। এ সময় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হলে তাকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তিনি মারা যান।