ভারত সফর বাতিল করলেন ডোনাল্ড ট্রাম্প

চার জাতি জোটের ‘কোয়াড’ সম্মেলনে যোগ দিতে চলতি বছর শেষের দিকে ভারত সফরের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে পূর্বপরিকল্পিত সেই সফরটি বাতিল করেছেন ট্রাম্প। গত শনিবার নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সম্পর্কের টানাপড়েন এবং শুল্ক আরোপ ইস্যুতে উত্তেজনার কারণে ভারত আয়োজিত কোয়াড সম্মেলনে যোগ দিচ্ছেন না ট্রাম্প। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা ভারত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। নিউ ইয়র্ক টাইমসের দাবি, শুল্ক ইস্যুতে বারবার আলোচনার চেষ্টা করলেও মোদি সাড়া দেননি।

চলতি বছর জুনে কানাডার ক্যানান্যাস্কিসে জি-৭ শীর্ষ সম্মেলনে ট্রাম্প ও মোদি উভয়েই যোগ দেন। সেখানে সম্মেলনের ফাঁকে তাদের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু ট্রাম্প আগেভাগে দেশে ফিরে যাওয়ায় সে বৈঠক আর হয়নি। পরে ১৭ জুন দুই নেতার মধ্যে ৩৫ মিনিটের ফোনালাপে ট্রাম্প দাবি করেছিলেন, ভারত-পাকিস্তান সংঘাত তিনি সমাধান করেছেন। কিন্তু মোদি স্পষ্টভাবে জানান, ওই সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকাই ছিল না। এরপর থেকেই দুই নেতার সম্পর্কে টানাপড়েন বাড়তে থাকে। নিউ ইয়র্ক টাইমস বলেছে, ফোনালাপে ট্রাম্প মোদির মন্তব্য অনেকটা উড়িয়ে দিলেও মতবিরোধ ও নোবেল নিয়ে আলোচনায় মোদির অংশ নিতে অস্বীকৃতি দুই নেতার মধ্যে তিক্ততায় বড় ধরনের ভূমিকা পালন করেছে।

ট্রাম্প চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার এক দিন পর তার প্রশাসন কোয়াড পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আয়োজন করেছিল। ফলে এখন তার কোয়াড সম্মেলনে যোগ না দেওয়ার ঘোষণা প্রত্যক্ষভাবে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতিকে ইঙ্গিত করছে বলে মনে করেন বিশ্লেষকরা। ভারত-পাকিস্তান সংঘাত ছাড়াও রাশিয়া থেকে তেল ক্রয় ইস্যু মোদির প্রতি ট্রাম্পের অসন্তোষ আরও বাড়িয়ে তোলে। আর তাদের সম্পর্কের তিক্ততার কারণেই ভারতের ওপর অতিরিক্ত শুল্কের বোঝা চেপেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর এসবের মিলিত প্রভাবেই ট্রাম্প ভারত সফর বাতিল করেছেন বলে ধারণা করা হচ্ছে।