মাঠে ডিম পেড়েছে পাখি; এক মাসের জন্য বন্ধ খেলাধুলা

প্রাণীদের প্রতি সদয় আচরণের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল অস্ট্রেলিয়ার জেরাবম্বেরা আঞ্চলিক ক্রীড়া কমপ্লেক্সে। সেখানকার ফুটবল মাঠের সেন্টার পয়েন্টে ডিম পেড়েছে স্থানীয় এক সুরক্ষিত প্রজাতির পাখি প্লোভার। সেই ডিম ফুটে বাচ্চা হওয়া না পর্যন্ত এক মাস খেলার মাঠ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

‘ডেইলি মেইল’ জানিয়েছে, মাঠের সিনথেটিক টার্ফের মাঝখানে পাখি ডিম পাড়ায় গত সপ্তাহান্তে ফুটবল খেলতে আসা খেলোয়াড়দের মাঠে নামতে দেওয়া হয়নি। স্থানীয় বন্যপ্রাণী সংস্থা ওয়াইল্ডকেয়ারের পরামর্শে ম্যাচগুলো পাশের অন্য মাঠে সরিয়ে নেওয়া হয়। খেলোয়াড় ও স্থানীয় ক্লাবগুলো এ সিদ্ধান্তে সহযোগিতা করছে বলে জানানো হয়। মাঠ অন্তত ২৮ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে না।এই মাঠটিতেই সুরক্ষিত প্রজাতির পাখি প্লোভার ডিম পেড়েছে।

‘ইয়াহু নিউজ অস্ট্রেলিয়া’কে কুইনবেইয়ান-পালেরং আঞ্চলিক কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমাদের স্থানীয় প্রজাতি সুরক্ষায় সচেষ্ট থাকতে হবে। প্রয়োজনে বিশেষজ্ঞ নিয়োগ করে তাদের অনুমতি নিয়ে ডিম সরানোর পদক্ষেপ নেওয়া হতে পারে। স্থানীয় ফুটবল দলগুলি তাদের খেলা এবং প্রশিক্ষণ স্থানান্তরের জন্য আমরা তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ, এবং আমরা অন্যান্য মাঠে তাদের চাহিদা পূরণ করছি।’

প্লোভার বা মাস্কড ল্যাপউইং অস্ট্রেলিয়াজুড়ে পরিচিত এক প্রজাতি। লম্বা লালচে পা ও হলুদ মুখাবয়বের কারণে এদেরকে সহজেই চেনা যায়। খোলা ঘাসবন বা মাঠ এদের প্রধান আবাস। বিশেষ করে ডিম পাড়ার সময় এরা অত্যন্ত আক্রমণাত্মক হয়ে ওঠে। ডিম বা ছানার কাছাকাছি কেউ এলেই এরা আকাশে ভেসে উঠে উচ্চ শব্দ তোলে এবং আক্রমণ করে। যদিও সচরাচর এই পাখি মানুষকে আঘাত করে না।