শিরোপা হাতছাড়া হওয়ায় মারামারিতে জড়াল মেসির মায়ামি

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩২ এএম

লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের দলে টেনে এনেছিল ইন্টার মায়ামি—লক্ষ্য ছিল একের পর এক ট্রফি জেতা এবং মেজর লিগ সকারে নিজেদের শীর্ষ দল হিসেবে প্রতিষ্ঠিত করা। কিন্তু রবিবার রাতে সেই স্বপ্ন আবারও ভেঙে গেল। লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ গোলে হেরে চতুর্থবারের মতো শিরোপা হারাল মায়ামি।

সিয়াটলের হয়ে গোল করেন ওসাজে ডে রোজারিও, অ্যালেক্স রোলদান এবং শেষ মুহূর্তে পল রথরক। রথরকের ৮৯তম মিনিটের গোলের পরই শুরু হয় উত্তেজনা। মাঠে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন রেফারি ও খেলোয়াড়রা। মায়ামির ম্যাক্সি ফ্যালকন সিয়াটলের মিডফিল্ডার ওবেড ভারগাসকে জড়িয়ে ধরেন, এরপর দুই দলের খেলোয়াড়েরা একে অন্যকে ঘুষি মারতে থাকেন! খেলার শেষ পর্যায়ে তুমুল মারামারিতে জড়ান দুই দলের খেলোয়াড়েরা।

এমনকি লুইস সুয়ারেজও মারামারিতে জড়িয়ে পড়েন সাউন্ডার্সের মিডফিল্ডার ওবেড ভারগাসের সঙ্গে। টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে, তিনি ভারগাসের গলায় হাত শক্ত করে জড়িয়ে ধরেন। পরে সাউন্ডার্সের খেলোয়াড়রা এসে দুই দলকে আলাদা করেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন সুয়ারেজ সাউন্ডার্সের নিরাপত্তা পরিচালক জিনে রামিরেজকে উদ্দেশ করে থুতু ছোড়েন। সতীর্থ গোলরক্ষক অস্কার উস্তারি তাকে সেখান থেকে সরিয়ে আনেন।

ঘটনার পর তাৎক্ষণিক কোনো শাস্তি ঘোষণা করা না হলেও, এমএলএসে অতীতে থুতু ছোড়ার ঘটনায় একাধিক খেলোয়াড়কে দুই থেকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল। ফলে সুয়ারেজ ও অন্যদের জন্য শাস্তির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই হার মেসি-সুয়ারেজদের জন্য বড় ধাক্কা। ২০২৩ সালে লিগস কাপ জয়ের পর থেকে একের পর এক ফাইনালে হোঁচট খাচ্ছে মায়ামি। সেই বছরই তারা হারে ইউএস ওপেন কাপের ফাইনালে, আর ২০২৪ এমএলএস কাপ প্লে-অফ থেকে বিদায় নেয় প্রথম রাউন্ডেই।

এ মৌসুমের শুরুতে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে কোয়ার্টার ফাইনালে ভ্যানকুভারের কাছে হেরে যায় দলটি। সব ব্যর্থতার মধ্যে চাপ বাড়ছে ক্লাবের ভেতরে, বিশেষ করে মেসি ও সার্জিও বুসকেতসের চুক্তি ২০২৪ মৌসুম শেষে শেষ হয়ে যাচ্ছে। তবে এখনো পুরোপুরি আশা শেষ হয়নি। লিগে মায়ামির হাতে আছে আরও ৯টি ম্যাচ। সাপোর্টার্স শিল্ড জয়ের দৌড়ে রয়েছে তারা, আর সামনে রয়েছে ২০২৫ এমএলএস কাপের লড়াইও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত