হ্যাটট্রিক শিরোপা জিতে ধোনি-রোহিতদের কাতারে স্যাম বিলিংস

ইংল্যান্ডের এই ১০০ বলের টুর্নামেন্টে টানা তৃতীয় শিরোপা জিতল ওভাল ইনভিনসিবলস। গতকাল রবিবার দ্য হান্ড্রেডের ফাইনালে ট্রেন্ট রকেটসকে ২৬ রানে হারিয়ে এই ইতিহাস গড়েছে স্যাম বিলিংসের দল। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে টানা তিন শিরোপা জয়ের প্রথম কীর্তি গড়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবার যেন তাদের মনে করাল ওভাল ইনভিনসিবলস।

এবারের ফাইনাল জয়ের মাধ্যমে অধিনায়ক হিসেবে পঞ্চম টি-টোয়েন্টি শিরোপা জিতে নিলেন স্যাম বিলিংস, যা তাকে নিয়ে গেল সর্বকালের সেরা অধিনায়কদের তালিকায়। বর্তমানে সর্বাধিক টি-টোয়েন্টি শিরোপাজয়ী অধিনায়কের রেকর্ড মহেন্দ্র সিং ধোনির। ভারতের এই কিংবদন্তি অধিনায়কের ঝুলিতে রয়েছে ৯টি ট্রফি (৫ আইপিএল, ২ চ্যাম্পিয়ন্স লিগ, ১ এশিয়া কাপ, ১ টি-টোয়েন্টি বিশ্বকাপ)।

এই রেকর্ডের দ্বিতীয় স্থানে আছেন আরেক ভারতীয় রোহিত শর্মা। (৫ আইপিএল, ২ চ্যাম্পিয়ন্স লিগ, ১ টি-টোয়েন্টি বিশ্বকাপসহ তিনি মোট ৮টি শিরোপা জিতেছেন। তাদের ঠিক পরেই জায়গা করে নিলেন বিলিংস। এই ইংলিশ তারকা অধিনায়ক হিসেবে ওভাল ইনভিনসিবলসের হয়ে তিনটি দ্য হান্ড্রেড শিরোপা (২০২৩, ২০২৪, ২০২৫) জিতেছেন। এছাড়া ২০২৫ আইএলটি-টোয়েন্টি আর ২০২১ টি-টোয়েন্টি ব্লাস্ট শিরোপা জিতেছেন।

সবচেয়ে বেশি টি-টোয়েন্টি শিরোপা জয়ে বিলিংসের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে আছেন পাকিস্তানের শোয়েব মালিক ও ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো। উল্লেখ্য, ওভাল ইনভিনসিবলসের ৪৯ শতাংশ মালিকানা ভারতের আম্বানি গ্রুপের। শোনা যাচ্ছে, ২০২৬ সালের দ্য হানড্রেডের আগে ওভাল ইনভিন্সিবলসের নাম বদলে যাবে। আম্বানি পরিবারের মালিকানাধীন অন্য দলগুলোর নামের সঙ্গে মিল রেখে রাখা হবে এমআই লন্ডন।