সুয়ারেজের থুতু নিক্ষেপ ও মারামারির ঘটনায় মায়ামি কোচের নিন্দা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৩ পিএম

লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ গোলে হেরে ট্রফি হাতছাড়া করেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। তবে ম্যাচ শেষে ঘটে যাওয়া হাতাহাতির জন্যই বেশি আলোচনায় এসেছে এই ফাইনাল, যার পেছনে বড় দায় মায়ামি তারকা লুইস সুয়ারেজের। ম্যাচ শেষে নিজ দলের খেলোয়াড়েরই সমালোচনা করেছেন মায়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানো।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে মায়ামির লুইস সুয়ারেজ সাউন্ডার্সের মিডফিল্ডার ওবেড ভারগাসের সঙ্গে মারামারিতে জড়ান। টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে, তিনি ভারগাসের গলায় হাত শক্ত করে জড়িয়ে ধরেন। পরে সাউন্ডার্সের খেলোয়াড়রা এসে দুই দলকে আলাদা করেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন সুয়ারেজ সাউন্ডার্সের নিরাপত্তা পরিচালক জিনে রামিরেজকে উদ্দেশ করে থুতু ছোড়েন। সতীর্থ গোলরক্ষক অস্কার উস্তারি তাকে সেখান থেকে সরিয়ে আনেন।

খেলা শেষে মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘আমি এ বিষয়ে বেশি কিছু বলার নেই। আমরা কেউই এ ধরনের আচরণ দেখতে চাই না। যখন প্রতিক্রিয়া আসে, সাধারণত সেটা কোনো প্ররোচনার ফল।’

পরাজয়ের কারণ নিয়েও খোলাখুলি কথা বলেছেন মাসচেরানো, ‘এ ধরনের ম্যাচে ছোট ছোট বিষয়ই ফলাফল নির্ধারণ করে দেয়। প্রথম কয়েক মিনিটেই আমরা ম্যাচ থেকে ছিটকে যাই। যদিও দ্বিতীয়ার্ধে আমরা দারুণ খেলেছি ও কিছু সুযোগ তৈরি করেছি। তবে ৩-০ ব্যবধানটা খুবই বেশি। আমরা ঝুঁকি নিয়েছিলাম, আর তাদের দ্বিতীয় গোলই মূলত খেলা শেষ করে দেয়।’

এই শিরোপা জয়ের মাধ্যমে সিয়াটল সাউন্ডার্স উত্তর আমেরিকার সব বেশি ট্রফি জেতা ক্লাব হয়ে উঠেছে। দলের কোচ ব্রায়ান শমেটজারও ইতিহাস গড়লেন—তিনি হলেন প্রথম ম্যানেজার যিনি যুক্তরাষ্ট্র ও কনকাকাফ অঞ্চলের প্রতিটি বড় শিরোপা জিতেছেন। বর্তমানে সিয়াটলের ঝুলিতে আছে চারটি ইউএস ওপেন কাপ, দুটি এমএলএস কাপ, একটি কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ, একটি লিগস কাপ এবং একটি সাপোর্টার্স শিল্ড। অন্যদিকে মায়ামির শোকেসে রয়েছে শুধু ২০২৩ সালের লিগস কাপ ও ২০২৪ সালের সাপোর্টার্স শিল্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত