১৩ কোটি পাউন্ড রেকর্ড ট্রান্সফার ফিতে লিভারপুলে আলেকজান্ডার ইসাক

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৫ পিএম

ট্রান্সফার মার্কেটে বড় তারকাদের প্রতি লিভারপুলের আগ্রহ যেন থামছেই না। অবশেষে অসম্ভবকেও সম্ভব করেছে তারা। নিউক্যাসল ইউনাইটেডের সুইডিশ স্ট্রাইকার আলেকজান্ডার ইসাককে লিভারপুল দলে নিতে পেরেছে বলে জানিয়েছে  ট্রান্সফার বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো। 

এই চুক্তির মূল্য প্রায় ১৩০ মিলিয়ন পাউন্ড (টাকায় ২১০০ কোটি) যা প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ। এর মধ্যে ১২৫ মিলিয়ন পাউন্ড বেস ফি এবং ৫ মিলিয়ন পাউন্ড সামাজিক/সোলিডারিটি ফি রয়েছে। ইসাক লিভারপুলের সঙ্গে ছয় বছরের চুক্তিতে সই করবেন।

নিউক্যাসলের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি থাকলেও ইসাক ক্লাব ছাড়ার ব্যাপারে অনড় ছিলেন। একমাত্র লিভারপুলেই যোগ দিতে চেয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত চাপের মুখে পড়েই নিউক্যাসল তাকে বিক্রি করতে বাধ্য হয়। ইতিমধ্যেই তারা তার উত্তরসূরি হিসেবে জার্মান ফরোয়ার্ড নিক ভল্টেমাডেকে দলে ভেড়িয়েছে।

প্রিমিয়ার লিগের ইতিহাসে এই ট্রান্সফার নতুন রেকর্ড স্থাপন করেছে। আগের রেকর্ডটি ছিল আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ, যিনি ১০৬.৮ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দিয়েছিলেন। লিভারপুলের নিজেদের ক্লাব রেকর্ডও ভেঙে দিয়েছেন ইসাক। কদিন আগেই ফ্লোরিয়ান ওয়ার্টজকে ১১৬ মিলিয়ন পাউন্ডে দলে টেনেছিল লিভারপুল। 

গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন ইসাক। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ গোল এবং ৬টি অ্যাসিস্ট করেছেন এই ২৪ বছর বয়সী সুইডিশ স্ট্রাইকার। নিজের ইচ্ছা পূরণ করে এবার অ্যানফিল্ডে নতুন চ্যালেঞ্জ শুরু করতে যাচ্ছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত