কুড়িগ্রামের উলিপুরে চার মাস বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু ঘটেছে। এ ঘটনায় শিশুটির পিতা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
সোমবার (১ সেপ্টেম্বর) রাতে উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনা ঘটে রোববার (৩১ আগস্ট) রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজার এলাকায়। শিশুটির পিতা আমিনুল ইসলাম অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।
শিশুর পরিবারের অভিযোগ, সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে দুষ্কৃতকারীরা শিশু আরিফুলকে হত্যা করে লাশ বাড়ির পাশে বামনী নদীতে ফেলে দেয়। পুলিশ জানিয়েছে, রহস্য উদঘাটন করে দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় শিশুটিকে তার মা ঘুমিয়ে রেখে পাশের বাড়িতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখতে পান সন্তানটি বিছানায় নেই। পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে খোঁজাখুঁজি করে রাতেই বামনী নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়।
শিশুর পিতা আমিনুল ইসলাম বলেন, “আমার নিষ্পাপ শিশুটিকে যারা হত্যা করেছে, তাদের বিচার চাই।”
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই হত্যার প্রকৃত রহস্য জানা যাবে। এই ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ জড়িতদের গ্রেফতারে কাজ করছে।