তাইওয়ান কৃষি মেলায় যোগ দিচ্ছে ঢাকা চেম্বার

‘তাইওয়ান স্মার্ট অ্যাগ্রিউইক এক্সপো ২০২৫’-এ যোগ দিতে দেশটিতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) আট সদস্যের প্রতিনিধিদল গিয়েছেন। গতকাল সোমবার ডিসিসিআইয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। আগামী ৩ ও ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন দেশের বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহ কৃষি ভ্যালু চেইনের (বাজারজাতকরণ প্রক্রিয়া) বিভিন্ন পর্যায়ের আধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী প্রক্রিয়া এবং উন্নত কৃষি প্রক্রিয়াজাতকরণ বিষয়ে বিশ্বের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ ও সম্ভাব্য অংশীদারদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন।

ডিসিসিআইয়ের বাাণিজ্য প্রতিনিধিদলটি কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও ফিড, কোল্ড-চেইন, অ্যাগ্রো-ফুড এবং টেকসই কৃষিখাতে স্মার্ট সমাধানের প্রযুক্তিগত সহায়তা প্রাপ্তির লক্ষ্যে এ এক্সপোতে অংশ নিচ্ছে। 

প্রতিনিধিদলের সদস্যরা হলেন ডিসিসিআইয়ের পরিচালক ও মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক রাশীদ মাইমুনুল ইসলাম, পরিচালক ও পেট্রোকেম বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফ উদ্দৌল্লাহ, পরিচালক ও অ্যাডভান্স অফিস টেকনোলজি অ্যান্ড সার্ভিসেসের প্রধান নির্বাহী কর্মকর্তা এম. মোসাররফ হোসেন, ফারমার্স মার্কেট এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু বকর, মেঘনা প্যাকেজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসিফ জসীম এবং লাল তীর সিড লিমিটেডের পরিচালক তাজওয়ার মুহাম্মদ আওয়াল।

আয়োজক প্রতিষ্ঠানের তথ্যমতে, পাঁচটি মূল নীতিকে ভিত্তি করে এ বছর তাইওয়ান স্মার্ট অ্যাগ্রি উইক অনুষ্ঠিত হবে, এগুলো হলো টেকসই উন্নয়ন, বাজার সম্প্রসারণ, অগ্রগতি, স্থিতিশীলতা ও উন্নত প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি।

ডিসিসিআই জানিয়েছে, এ প্রদর্শনীতে কৃষিখাতের সমসাময়িক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় স্মার্ট সমাধান উপস্থাপন করা হবে, পাশাপাশি কৃষক থেকে ভোক্তা পর্যন্ত সম্পূর্ণ ভ্যালুচেইন ব্যবস্থায় ব্যবহৃত প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী সরঞ্জাম এবং সমাধানও এক্সপোতে প্রদর্শিত হবে, যেখানে তাইওয়ানসহ এশিয়া এবং বিশ্বের বিভিন্ন দেশের কৃষি বিশেষজ্ঞ, ব্যবসায়ী নেতা ও নীতিনির্ধারকরা এই আয়োজনে অংশগ্রহণ করবেন।

সফরকালে ডিসিসিআই প্রতিনিধিদল তাইওয়ানের ব্যবসায়ীদের সঙ্গে বেশ কয়েকটি ব্যবসায়িক ম্যাচ-মেকিং বৈঠক এবং বিভিন্ন বিষয়ের ওপর অনুষ্ঠিতব্য কনফারেন্স ও মতবিনিময় সভায় অংশগ্রহণের সুযোগ পাবে, যার মাধ্যমে ডিসিসিআইয়ের সদস্যভুক্ত প্রতিষ্ঠানসমূহ টেকসই কৃষির বৈশ্বিক ধারা সম্পর্কে অবগত হতে পারবে, যেটি তাদের রপ্তানি সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর সমাধান খুঁজতে উৎসাহিত করবে।