আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমাদের সামনে যে চ্যালেঞ্জ রয়েছে, তা হলো আগামী ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বপ্রকার সহযোগিতা ও সহায়তা প্রদান করা।’ সংস্কার কমিশনগুলোর প্রস্তাবিত সংস্কার কার্যক্রমে বিএনপি সব ধরনের সহযোগিতা করে আসছে বলেও তিনি উল্লেখ করেন। গতকাল সোমবার বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। দলটিকে নিশ্চিহ্ন করতে ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করা হয়েছে, এবং ১ হাজার ৭০০ নেতাকর্মীকে গুম ও খুন করা হয়েছে। তবুও বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অবিরাম লড়াই চালিয়ে গেছে। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে বিএনপি ফিনিক্স পাখির মতো বারবার জেগে উঠেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ আট বছর নির্বাসিত অবস্থায় এই সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। আল্লাহর রহমতে এবং জনগণ ও ছাত্রদের আন্দোলনের মাধ্যমে আমরা হাসিনার ভয়াবহ শাসন ও ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছি।’
তিনি বলেন, ‘জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তন এনেছিল। অল্প সময়ের মধ্যে তিনি রাজনীতিতে গুণগত পরিবর্তন আনেন। তিনি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেন, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেন এবং অর্থনীতিতে গতিশীলতা আনতে মুক্তবাজার অর্থনীতি প্রবর্তন করেন, যার ফলে অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়।’
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী, ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক, মহানগর দক্ষিণের তানভীর আহমেদ রবিনসহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
নানা কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন : জিয়াউর রহমানকে স্মরণ করে রাজধানীসহ সারা দেশে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছেন দলের নেতাকর্মীরা। গত সোমবার সকাল ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী পুষ্পমাল্য অর্পণ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে শেরেবাংলা নগরে সমবেত হন, ফলে সমাধিস্থলে ব্যাপক জনসমাগম ঘটে। পুষ্পস্তবক অর্পণের পর প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন নেতারা।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনায় ভোরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়, গুলশানে চেয়ারপারসনের কার্যালয়সহ সারা দেশে বিএনপির কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। গত রবিবার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে দলের ছয় দিনের কর্মসূচি শুরু হয়। আজ মঙ্গলবার রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার পরিবর্তে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি খাল-নালা পরিষ্কারের কর্মসূচি গ্রহণ করেছে। ৩ সেপ্টেম্বর সারা দেশে উপজেলা ও পৌর এলাকায় আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন রয়েছে। ৪ সেপ্টেম্বর সারা দেশের মহানগর, জেলা ও উপজেলায় বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হবে। ৫ সেপ্টেম্বর ঢাকায় গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি পোস্টার প্রকাশ করেছে এবং জাতীয় দৈনিকগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে।
জনদুর্ভোগ বিবেচনায় র্যালি বাতিল : রাজধানীতে যানজট ও জনদুর্ভোগের কথা বিবেচনা করে আজকের পূর্বঘোষিত র্যালি বাতিল করেছে বিএনপি। এর পরিবর্তে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি স্বেচ্ছাশ্রমে খাল-নর্দমা পরিষ্কারের কর্মসূচি গ্রহণ করেছে। গতকাল দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভিডিওবার্তায় র্যালি বাতিল ও নতুন কর্মসূচির কথা জানান।
তিনি বলেন, ‘আমরা আমাদের কর্মসূচিতে কিছু পরিবর্তন এনেছি, বিশেষ করে ঢাকায়। আপনারা জানেন, আজ (মঙ্গলবার) আমাদের র্যালির কর্মসূচি ছিল, কিন্তু সেটি আমরা বাতিল করেছি। কারণ, র্যালির ফলে পুরো শহর স্তব্ধ হয়ে যায়, যানজট সৃষ্টি হয় এবং মানুষের প্রচণ্ড দুর্ভোগ হয়। জনদুর্ভোগের কথা বিবেচনা করে এই কর্মসূচি বাতিল করা হয়েছে।’ রিজভী আরও বলেন, ‘এর পরিবর্তে মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি খাল, ড্রেন ও নর্দমা পরিষ্কারের অভিযানে অংশ নেবে। মহানগরের দুই শাখা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেবেন। তারা ব্লিচিং পাউডারসহ পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করবেন। এই কাজ সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কর্মীরা করবেন, কাউকে ভাড়া করে আনা হবে না।’
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুর আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।