তেড়েফুরে তানজিদ বললেন, ‘আর কত অ্যাটাকিং ক্রিকেট চাচ্ছেন?’

নেদার‌ল্যান্ডসের বিপক্ষে সহজ লক্ষ্য তাড়ায় প্রত্যাশিত জয় এলেও প্রশ্নে উঠেছে বাংলাদেশের ব্যাটসম্যানদের আক্রমণাত্মক মানসিকতা নিয়ে। প্রথম ম্যাচে যেখানে দলের রান রেট ছিল ১০ এর উপরে, সেখানে গত ম্যাচে তা নেমে আসে ৭.৮৯ এ। এ নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন এলে উল্টো বিরক্তই হতে দেখা গেছে শেষ ম্যাচে ফিফটি করা তানজিদ হাসান তামিমকে।

আক্রমণাত্মক মানসিকতা নিয়ে প্রশ্নের উত্তরে তানজিদ বলেন, ‘আমরা তো অ্যাটাকিং ক্রিকেটই খেলছি। আর কত অ্যাটাকিং চাচ্ছেন?' তানজিদ আরও বলেন, 'পুরো দলকে স্বাধীনতা দেওয়া হয়েছে। যে যার মতো খেলতে পারবে। যার যে ভূমিকা আছে সেটা কীভাবে মাঠে এক্সিকিউট করবে এটা টিম ম্যানেজমেন্ট থেকে সবাইকে বলা আছে।'

দলের ব্যাটসম্যানরা এখন আগের তুলনায় বেশ স্বাধীনতা পান কি না জানতে চাইলে জবাবে তিনি বলেন, 'অতীতে তো আমি ছিলাম না ড্রেসিংরুমে। টি-টোয়েন্টি সবার রোল দেওয়া আছে, সেভাবে ফ্রিডমও দেওয়া আছে। মাঠে রোল এক্সিকিউশনটাই ইম্পরট্যান্ট। অবশ্যই ফ্রিডম আছে।'

বাংলাদেশের এই ওপেনার সিরিজ নিশ্চিতের ম্যাচে করেন ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি। ৪০ বলে ৫৪ রানে অপরাজিত ছিলেন তানজিদ।