টেস্ট ক্রিকেট আরও প্রতিদ্বন্দ্বিতামূলক করতে যে প্রস্তাব দিলেন ইংলিশ অধিনায়ক

টেস্ট ক্রিকেটকে আরও প্রতিদ্বন্দ্বিতামূলক ও আকর্ষণীয় করতে আইন বদলের প্রস্তাব দিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক স্যার অ্যালিস্টার কুক। কুক চান মাঠে নামা দলকে নতুন বল ব্যবহারে বাড়তি স্বাধীনতা দেওয়া হোক। বর্তমানে প্রতি ৮০ ওভার পর নতুন বল নেওয়ার সুযোগ থাকে। কিন্তু কুকের প্রস্তুাবে, প্রতি ১৬০ ওভারের মধ্যে দুইবার নতুন বল নেওয়ার নিয়ম রাখা উচিত, এবং সেটা যেকোনো সময়ে নেওয়া যাবে।

মাইকেল ভন, ডেভিড লয়েড ও ফিল টাফনেলের সঙ্গে ‘স্টিক টু ক্রিকেট’ অনুষ্ঠানে নিজের ধারণা তুলে ধরে বলেন, “আপনার হাতে ১৬০ ওভারের জন্য দুইটা নতুন বল থাকবে। চাইলে ৩০ ওভার পরও নিতে পারবেন। এতে ২০ উইকেট নেওয়ার সুযোগ বাড়বে, আবার কৌশলগত ভাবনাও যোগ হবে।”

ভনের প্রস্তাব: ইনজুরিতে বিকল্প খেলোয়াড়

সাবেক অধিনায়ক মাইকেল ভন মনে করেন, টেস্ট ক্রিকেটেও বিকল্প খেলোয়াড় ব্যবহারের নিয়ম থাকা উচিত। শুধু মাথায় আঘাত বা নির্দিষ্ট কিছু ক্ষেত্রে নয়, ইনজুরির কারণে ম্যাচের মান যাতে নষ্ট না হয়, সেই জন্যই এই উদ্যোগ দরকার।

তিনি উদাহরণ টেনে বলেন, “লর্ডসে রিশাভ পান্ত হাতের চোট পেয়ে ব্যাট করতে পেরেছিলেন, কিন্তু কিপিং করতে পারেননি। সেক্ষেত্রে ধ্রুব জুরেলকে কিপিংয়ের সুযোগ দেওয়া যেত। নাথান লায়ন অ্যাশেজে কাফ ইনজুরিতে পড়ে গিয়েছিলেন, পুরো ম্যাচেই আর খেলতে পারেননি। অস্ট্রেলিয়া কি সেদিন বদলি খেলোয়াড় পেতে পারত না?”

লয়েডের প্রস্তাব: লাল-হলুদ কার্ড

সাবেক কোচ ও আম্পায়ার ডেভিড লয়েড অন্য এক ভাবনা দিয়েছেন। ফুটবল থেকে অনুপ্রাণিত হয়ে তিনি প্রস্তাব দিয়েছেন লাল ও হলুদ কার্ড ব্যবহারের।
“আম্পায়ারদের বলা হয় ‘সফটলি সফটলি’ থাকতে, খেলোয়াড়দের বিরক্ত না করতে। অথচ মাঠে আম্পায়ারই হওয়া উচিত কর্তৃত্বের প্রতীক। আমি সব সময় বলতাম, ইয়েলো কার্ড দাও, রেড কার্ড দাও। কিন্তু সাড়া পাইনি।”