আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ফিনালিসিমার তারিখ নিয়ে খোলাখুলি অসন্তোষ প্রকাশ করেছেন। মার্চে স্পেনের বিপক্ষে ম্যাচটি নির্ধারণ করা হয়েছে, যা বিশ্বকাপের মাত্র তিন মাস আগে। স্কালোনির মতে, এটা একেবারেই ঠিক হয়নি।
আর্জেন্টিনা ইতোমধ্যেই ২০২৬ বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করে ফেলেছে। এখন মূল ফোকাস তাদের স্পেনের বিপক্ষে ফিনালিসিমা। তবে সময়সূচি নিয়েই সবচেয়ে বেশি আপত্তি তুলেছেন স্কালোনি। টিএনটি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ বিশ্বকাপের মাত্র দুই মাস আগে হবে… সত্যি বলতে আমি ভাবিনি এমনটা ঘটবে। দেখা যাক, আদৌ খেলা হয় কিনা। তত্ত্ব অনুযায়ী স্পেন তাদের গ্রুপে প্রথম হবে এবং মার্চে খেলতে পারবে। কিন্তু সব কিছুই খুব অনিশ্চিত। আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা দরকার। দেখা যাক, নিশ্চিত হয় কি না।'
২০২২ সালে ইতালির বিপক্ষে যেমন খেলেছিল, এবার স্পেনের বিপক্ষেও বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। তবে কোচের দুশ্চিন্তা মূলত ঠাসা সূচি ঘিরে। ইউরোপীয় নেশনস লিগের কারণেই তারিখ পিছিয়েছে বলে মনে করেন তিনি, 'স্পেন খেলতে পারেনি নেশনস লিগের জন্য, যেটা তারাই বানিয়েছে। আমাদের দক্ষিণ আমেরিকানদের জন্য এটা ক্ষতিকর হয়েছে, কারণ এতে আমরা ইউরোপীয় দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাইনি। আর এখন যখন আমরা পারি, তখন তারা পারে না—কারণ তারা বিশ্বকাপ বাছাইপর্ব খেলছে,' বলেন স্কালোনি।
ফিনালিসিমার সবচেয়ে সম্ভাব্য সময় হিসেবে ২০২৬'র মার্চ নির্ধারিত হয়েছে। অথচ জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হবে বিশ্বকাপ। ফলে মাত্র তিন মাস আগে ফাইনালিসিমা খেলতে হচ্ছে আর্জেন্টিনাকে।
স্কালোনি আরও বলেন, 'জেতা সব সময়ই কঠিন, বিশেষ করে ইউরোপের বড় দলের বিপক্ষে। ভুলের কোনো সুযোগ নেই। আমাদের সামনে এখন প্রস্তুতির সময়, ভাগ্য ভালো হলে ইনজুরি এড়াতে পারব।'
শেষ পর্যন্ত পরিস্থিতি মেনে নিয়ে আর্জেন্টিনাকে খেলতে নামতেই হচ্ছে। তবে স্পেনের বিপক্ষে ম্যাচটা যে বিশ্বকাপের আগে বড় ধরনের পরীক্ষাই হতে যাচ্ছে, তা নিশ্চিত।
বিসিবির পরিচালক পদে নির্বাচন করার ঘোষণা দিলেন বর্তমান সভাপতি বুলবুল