নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে আজ বাংলাদেশ বিমানযোগে কাঠমান্ডু যাওয়ার কথা জাতীয় ফুটবল দলের। বিমানের বিজি ৩৭১ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে ছাড়ার কথা ছিল বুধবার দুপুর দেড়টায়।
জাতীয় দলের সকল ফুটবলার ও কোচিং স্টাফরা নির্ধারিত সময়ের আগেই ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে বিমানে উঠার অপেক্ষায় ছিলেন। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিপর্যয় চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে জাতীয় দলকে। দুপুর ১:৩০ টার পরিবর্তে এই ফ্লাইটের নতুন ছাড়ার সময় নির্ধারিত হয়েছে সন্ধ্যা সাতটায়।
জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান দেশ রূপান্তরকে বলেন, ‘আমার সাথে বিমানের স্টেশন ম্যানেজার (নাম) কথা হলো। উনি বলেছেন যে, টেকনিক্যাল কারণে এই সমস্যা হয়েছে। এখন ফ্লাইট দিতে পারছে না, সন্ধ্যা ৭টার সময় দেবে। যেহেতু আমাদের সব আগে থেকে সেট করা ছিল, তাই আমরা তাদেরকে বলছি, এমনটা তো হতে পারে না। এখানে বসার কোনো জায়গা নাই, খাওয়া-দাওয়ার ব্যবস্থা নাই, খেলোয়াড়েরা কী করবে? সবকিছু মিলে একটা দুর্ভোগের মধ্যে পড়েছি।’
এ বিষয়ে বিমানের স্টেশন ম্যানেজার নাজমুল ইমামের বক্তব্য চাওয়া হলে তিনি বলেন, ‘টেকনিক্যাল সমস্যার কারণে ফ্লাইটের রিশিডিউল করা হয়েছে। এটা সন্ধ্যা ৭টায় যাবে। সবার (খেলোয়াড় ও কর্মকর্তা) জন্য লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে।’ জাতীয় দলের খেলোয়াড়দের বিশ্রামের জন্য কোনো হোটেল ব্যবস্থা করা হয়েছে কিনা- এমন প্রশ্নে তার জবাব, ‘না, এরকম কোনো ব্যবস্থা নেই। ঊর্ধ্বতনদের সাথে কথা বলেছি।’