জাতির ক্রান্তিলগ্নে এসে বিএনপি বার বার জনগণের পাশে এসে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত র্যালিপূর্বক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, বাংলার মানুষের অধিকার হরণ করেছে স্বৈরাচারী সরকার। দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিএনপির চেয়ারপারসন ও তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জালিম সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে বিনা অপরাধে মিথ্যা মামলায় কারাগারের দিন কাটিয়েছিলেন। তবুও অন্যায়ের সঙ্গে তিনি আপস করেননি।
দেশের সকল মানুষ আজ মুক্ত বিহঙ্গের ন্যায় স্বাধীনভাবে জীবন যাপন করছে উল্লেখ করে মীর হেলাল বলেন, আজকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ দিনে আমাদের শপথ নিতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, আর সে লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকের হোসেনের সভাপতিত্বে হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াসউদ্দিন চেয়ারম্যান ও পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. অহিদুল আলমের যৌথ সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নূর মোহাম্মদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য ডাক্তার রফিকুল আলম, আইয়ুব খান, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার, যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান দৌলত প্রমুখ।