যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পা শহরে আগামী বছর সপ্তম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ট্যাম্পা ফ্লোরিডা-২০২৬ আয়োজন করা হচ্ছে, যা বাংলাদেশের ব্যবসা, উদ্ভাবন ও সংস্কৃতির এক মিলনমেলায় পরিণত হবে বলে প্রত্যাশা আয়োজকদের। গতকাল বুধবার এ মেলা উপলক্ষে এক সংবাদ সম্মেলন করে আয়োজক প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন অব ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ইউএসএ আইএনসি। এ সময় মেলার লোগো উন্মোচন করা হয়।
এ সময় মেলার কনভেনার আতিকুর রহমান বলেন, আগামী বছরের (২০২৬) ২৪ ও ২৫ অক্টোবর হতে যাচ্ছে আন্তর্জাতিক এ আয়োজনের সপ্তম আসর। এবারের ফেয়ার ও ফেস্ট হবে ব্যবসা, উদ্ভাবন, সংস্কৃতি ও আন্তর্জাতিক সহযোগিতার এক মহামিলনমেলা। এতে অংশ নেবেন বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিক, ব্যবসায়ী, সরকারি-ব্যবসায়ী প্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠন, পর্যটন খাতের উদ্যোক্তা, পেশাজীবী এবং তরুণ উদ্যোক্তারা।
এবার আয়োজনের মূল আকর্ষণ থাকবে গ্লোবাল ট্রেড শো ও এক্সিবিশন, আন্তর্জাতিক বিজনেস সামিট ও বি টু বি নেটওয়ার্কিং, ইয়ুথ সামিট-তরুণ উদ্যোক্তা এবং ভবিষ্যৎ নেতাদের প্ল্যাটফর্ম, সাংস্কৃতিক পরিবেশনা, ফুড ফেস্টিভ্যাল ও কুলিনারি শোকেসের পাশাপাশি আর্ট এবং ক্র্যাফট প্রদর্শনী।
আতিকুর রহমান বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ৮ বিলিয়ন ডলারের ব্যবসা আছে। সম্প্রতি মার্কিন পাল্টা শুল্ক আরোপে অন্যান্য প্রতিযোগী দেশের তুলনায় এখন আমরা সেখানে এগিয়ে রয়েছি ব্যবসা-বাণিজ্যে। এই আয়োজন বাংলাদেশের জন্য বিশেষ সুযোগ তৈরি করবে। এর মাধ্যমে দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তারা বৈশি^ক বাজারে প্রবেশ করতে পারবেন।’
পাশাপাশি সাংস্কৃতিক দল ও শিল্পীরা বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরতে পারবে এবং তরুণরা আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তুলতে পারবেন। বিগত কয়েক বছরের অভিজ্ঞতায় এবারের আয়োজনে প্রায় ২০ হাজার ভিজিটর হবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।