কক্সবাজারের টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ তিনজন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা (২ বিজিবি)। গত মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন টেকনাফ সদর ইউপির নাজিরপাড়ার নজির আহমদের ছেলে আব্দুল্লাহ, হাবিবুর রহমানের ছেলে জহির আহমদ ও নজির আহমদের ছেলে কেফায়েত উল্লাহ।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ আসামিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি জানান, বাংলাদেশের একটি সংঘবদ্ধ চক্র মায়ানমারের কিছু মাদক কারবারির সঙ্গে যোগসাজশে মাছ ধরার আঁড়ালে নাফ নদী ব্যবহার করে একটি বড় মাদকের চালান পাচারের চেষ্টা করবে বলে গোয়েন্দা সূত্রে জানায়। গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান একটি বিশেষ অপারেশন পরিকল্পনা করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা মিয়ানমার থেকে আনা মাদকের চালানটি বাংলাদেশের ইমান আলী নামে এক চোরাকারবারির কাছে পৌঁছে দেওয়ার জন্য ৩০,০০০ টাকা চুক্তিতে কাজ করছিল। চালানটি হস্তান্তরের আগেই তারা বিজিবির হাতে ধরা পড়ে। মাদক পাচারের মূল হোতা ইমান আলীকে গ্রেপ্তারে বিজিবির অভিযান চলমান রয়েছে।