৯ সেপ্টেম্বরই ডাকসুর ভোট  বন্ধ থাকবে ক্লাস পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের আদেশের ওপর আপিল বিভাগের চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশ বহাল রেখেছে সর্বোচ্চ আদালত। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষের করা আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বুধবার প্রধান বিচারপতি  সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত সাত বিচারকের আপিল বিভাগ এ আদেশ দেয়। আদালতের আদেশে বলা হয়েছে, ‘আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশ বহাল থাকবে।’ ফলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন আয়োজনে আর কোনো আইনি বাধা নেই ।

ডাকসু নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ সমর্থিত জি এস প্রার্থী এস এম ফরহাদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তোলে গত ২৮ আগস্ট হাইকোর্টে রিট আবেদন করেন তিন বাম সংগঠন সমর্থিত ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন-বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম। গত সোমবার শুনানি নিয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ডাকসু নির্বাচন প্রক্রিয়া ও ভোটার তালিকার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়ে রুল দেয়। তবে, ওইদিন হাইকোর্টের আদেশের কিছু সময়ের মধ্যে আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে ঢাবি কর্তৃপক্ষ। আবেদনের ওপর শুনানি নিয়ে চেম্বার আদালত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নিয়মিত সিভিল পিটিশন (দেওয়ানি বিবিধ আবেদন) দাখিল না করা পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত করে আদেশ দেয়।

পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নিয়মিত আবেদন করে ঢাবি কর্তৃপক্ষ। গত মঙ্গলবার বিষয়টি চেম্বার আদালতে শুনানির জন্য ওঠলে আদালত পূর্ণাঙ্গ বেঞ্চে বুধবার শুনানির দিন ধার্য করে। এর ধারাবাহিকতায় গতকাল শুনানি হয়। আদালতে ঢাবির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। এ ছাড়া রিট আবেদনের বিবাদী এস এম ফরহাদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইমরান এ সিদ্দিক। শিশির মনির সাংবাদিকদের বলেন, ‘ডাকসু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী আর কোনো আইনি বাধা থাকল না।’

শুধু ভোটের দিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে আগামী ৭, ৮ ও ১০ সেপ্টেম্বর তিন দিনের ছুটি বাতিল করেছে নির্বাচন কমিশন। তবে ভোটের দিন ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে কমিশন। গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. জসীম উদ্দীন।

তিনি বলেন, ‘ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে শুধু আগামী ৯ সেপ্টেম্বর ভোটের দিন ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। ৭, ৮ ও ১০ সেপ্টেম্বর যথারীতি ক্লাস পরীক্ষা চলমান থাকবে। নির্বাচনে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের আহ্বান জানানো হচ্ছে।’

এর আগে এক বিজ্ঞপ্তিতে ৭, ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর চার দিন ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল।

দলবদ্ধ ধর্ষণের হুমকি দেওয়া আলী হুসেনকে বহিষ্কার করেছে ঢাবি কর্তৃপক্ষ : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে রিট করা বামপন্থি নেত্রীকে ‘দলবদ্ধ ধর্ষণের’ হুমকি দেওয়া সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হুসেনকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে।

গতকাল বুধবার জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকি দেওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হুসেনকে বিশ্ববিদ্যালয় থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এটি বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তি। একই সঙ্গে আলী হুসেনের বিরুদ্ধে অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে।

আলীর বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা পায়নি তদন্ত কমিটি : ডাকসু নির্বাচনে বামপন্থি নেত্রীকে দলবদ্ধ ধর্ষণের হুমকি দেওয়ায় আলী হুসেনের বিপক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠলেও এ সম্পর্কিত প্রমাণ পায়নি তদন্ত কমিটি। বিষয়টি সত্যানুসন্ধান তদন্ত কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আলী হোসেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত বলে আমরা প্রমাণ পায়নি। তিনি নিজেও স্বীকারোক্তিতে বলেছে তার রাজনৈতিক সম্পৃক্ততা নেই। আলী হোসেনের দু-একটি ছবি যেগুলো দিয়ে তাকে রাজনৈতিক সংশ্লিষ্ট বলে অভিযোগ করা হয় সেগুলো সম্পর্কে তিনি ব্যাখ্যা দিয়েছেন। এ ছাড়া কুরুচিপূর্ণ স্ট্যাটাসটি আকস্মিক ক্ষোভে দিয়ে ফেলেছেন বলে তিনি ক্ষমাও চেয়েছেন।

বামপন্থি নেত্রীকে দলবদ্ধ ধর্ষণের হুমকির ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলী হুসেনের পুরাতন কিছু ছবি এবং স্ট্যাটাস দিয়ে অনেকে তাকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এবং বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ করেছিলেন। তবে তদন্ত কমিটি তার কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা পায়নি।

শিবিরের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে বহিষ্কার করা হয়েছে ফরহাদ : ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেছেন, ‘নারী শিক্ষার্থীকে হুমকির ঘটনার পরেই ছাত্রশিবিরের পক্ষ থেকে আলী হুসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে তাকে বহিষ্কার করা হয়েছে। আমরা নারী শিক্ষার্থীদের ব্যাপারে জিরো টলারেন্স নীতি মেনে চলতে চাই। অভিযুক্তরা যে দলেরই হোক না কেন, আমরা তাকে শাস্তির আওতায় আনতে বদ্ধপরিকর।’

বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের সাধুবাদ বাগছাসের : বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের বলেন, ‘নারী শিক্ষার্থীকে হুমকি দেওয়া আলী হুসেনকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আমরা এটাকে সাধুবাদ জানাই। আমরা ক্যাম্পাসে কোনো নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকির পরিবেশ রাখব না। আমরা চাই, নারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে নিরাপদ থাকুক।’

ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের বৈধতা নিয়ে বামপন্থি সমর্থিত প্যানেল ‘অদম্য ২৪ অপরাজেয় ৭১’ প্যানেলের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বিএম ফাহমিদা আলম রিট করলে ডাকসু ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিতের আদেশ দেয় হাইকোর্ট। হুট করে উচ্চ আদালতের এমন আদেশে উত্তপ্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী হুসেন ওই নারী প্রার্থীকে দলবদ্ধ ধর্ষণের পদযাত্রার হুমকি দেন।