অবৈধ বেটিং অ্যাপ দিয়ে মানি লন্ডারিং; শিখর ধাওয়ানকে তলব

ভারতের সাবেক ওপেনার শিখর ধাওয়ানকে একটি অবৈধ অনলাইন বাজি অ্যাপ-সংক্রান্ত মানি লন্ডারিং মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইন্ডিয়ান এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তলব করেছে। ধাওয়ান ‘1xBet’ নামের ওই অনলাইন বাজির প্ল্যাটফর্ম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছেন বলে অভিযোগ। তাই ইডি কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়।

ইডির বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ৩৯ বছর বয়সী সাবেক ভারতীয় ব্যাটার অ্যাপটির সাথে কিছু এন্ডোরসমেন্টে জড়িত। এখন ‘প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ)’ অনুসারে ধাওয়ানের বক্তব্য রেকর্ড করা হবে। ইডি একাধিক অবৈধ অনলাইন বাজি অ্যাপের বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্ত করছে, যেগুলোর বিরুদ্ধে কোটি কোটি রুপির লগ্নিকৃত অর্থ নিয়ে প্রতারণার অভিযোগে আছে। একইসঙ্গে আছে কর ফাঁকির অভিওযোগ।

বাজির এসব অ্যাপের বিজ্ঞাপন ও প্রচার করার অভিযোগে গত বছর থেকে বেশ কয়েকজন বলিউড ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র তারকা এবং ক্রিকেটারদের ওপর নজরদারি চলছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিজয় দেবরকোন্ডা, রানা দাগ্গুবাটি, প্রকাশ রাজ, হারভজন সিং, উরভশী রাউতেলা এবং সুরেশ রায়না। গত কয়েক মাসে সাবেক ক্রিকেটার জুনে হারভজন সিং ও সুরেশ রায়নাকেও ইডি জিজ্ঞাসাবাদ করেছে।

উল্লেখ্য, ভারত সরকার সম্প্রতি নতুন আইন প্রণয়নের মাধ্যমে রিয়েল-মানি অনলাইন গেমিং নিষিদ্ধ করেছে। বুধবার রাতে ইডি জানিয়েছে, কংগ্রেসের গ্রেফতারকৃত কেরালা বিধায়ক কেসি ভীরেন্দ্র পরিচালিত অনলাইন বাজি সাইটগুলো অল্প সময়ের মধ্যে ২,০০০ কোটি রুপিরও বেশি তহবিল সংগ্রহ করেছে। মামলার সঙ্গে ধাওয়ান ও অন্যান্য তারকার যোগাযোগ ও এন্ডোরসমেন্টের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।