স্ত্রী আয়েশার সঙ্গে বিচ্ছেদের পর একাই ছিলেন ভারতের সাবেক ওপেনার শিখর ধাওয়ান। একমাত্র সন্তানের সঙ্গে দেখা করতে ও কথা বলতে না দেওয়ার অভিযোগও করেছিলেন। এর মাঝেই তার নতুন প্রেম নিয়ে গুঞ্জন শুরু হয়। অবশেষে নতুন প্রেমিকার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সব গুঞ্জনের ইতি টানলেন ধাওয়ান নিজেই।
চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন দুবাইয়ে ধাওয়ানের সঙ্গে গ্যালারিতে বসে খেলা দেখতে দেখা গিয়েছিল সোফিকে। তারপরেই গুঞ্জন শুরু হয়েছিল যে ধাওয়ান আবার প্রেম করছেন। ইঙ্গিত দিলেও সরাসরি সেই কথা এতদিন স্বীকার করেননি ধাওয়ান। অবশেষে ইনস্টাগ্রামে সোফির সঙ্গে তার একটি ছবি পোস্ট করেছে ধাওয়ান লিখেছেন, ‘আমার ভালবাসা’। সঙ্গে একটি হার্ট ইমোজিও দিয়েছেন।
আয়ারল্যান্ডের নাগরিক সোফি দুবাইয়ে একটি মার্কিন সংস্থায় কর্মরত আছেন। দুবাইয়েই ধাওয়ানের সঙ্গে তার পরিচয় হয়েছিল। কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে সোফির সঙ্গে সম্পর্কের ইঙ্গিত দিয়েছিলেন ধাওয়ান। সেই অনুষ্ঠানে প্রেম বিষয়ক এক প্রশ্নে তিনি বলেছিলেন, ‘আমি কারও নাম বলব না। কিন্তু এই ঘরে থাকা সবচেয়ে সুন্দরী মেয়েটিই আমার প্রেমিকা। এবার আপনারা বুঝে নিন।’ ধাওয়ানের কথা শুনে হাসছিলেন অনুষ্ঠানের দর্শকসারিতে থাকা সোফি।
উল্লেখ্য, ২০১১ সালে অস্ট্রেলিয়ার নাগরিক আয়েশা মুখার্জীর সঙ্গে বিয়ে হয়েছিল ধাওয়ানের। ২০২৩ সালের অক্টোবরে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তারপর ধাওয়ান বিভিন্ন সময় অভিযোগ করেন যে, তাদের সন্তান জোরাওয়ারের সঙ্গে দেখা করতে দেন না আয়েশা। আদালতের নির্দেশের পরও ফোনেও কথা বলতে দেন না। বুকের কষ্ট চেপে রেখে তিনি ছেলেকে মেসেজ পাঠিয়ে যান। তার আশা, একদিন ছেলের সঙ্গে ঠিকই দেখা হবে।
জিম্বাবুয়ের পর এবার বাংলাদেশের প্রতিপক্ষ আরব আমিরাত
বৈভবের দুর্বলতা ধরে ফেলেছেন দীপক চাহার
এ বছরই এশিয়া সফরে আসছে আর্জেন্টিনা