যুক্তরাজ্যে ধর্ষণ মামলায় বেকসুর খালাস পাকিস্তানি ব্যাটার হায়দার আলী

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:০২ পিএম

পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলী যুক্তরাজ্যে দায়ের হওয়া ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন। গত জুলাই মাসে ম্যানচেস্টারের এক হোটেলে ব্রিটিশ-পাকিস্তানি এক নারীর করা অভিযোগের ভিত্তিতে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ তাকে গ্রেফতার করেছিল। তবে পুলিশ ও ক্রাউন প্রসিকিউশন সার্ভিস পর্যাপ্ত প্রমাণের অভাবে মামলাটি বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে জিও নিউজ।

২৪ বছর বয়সী হায়দারকে গত মাসে গ্রেফতার করা হয় এবং ৮ আগস্ট তিনি জামিনে মুক্তি পান। তদন্ত চলাকালীন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল।তখন পিসিবি বলেছিল, ‘পিসিবি ব্রিটিশ আইনি প্রক্রিয়াকে সম্মান করে এবং কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই তদন্ত চলতে দেওয়া গুরুত্বপূর্ণ বলে মনে করে।’ এখন মামলা খারিজ হওয়ায় তিনি আবারও খেলা চালিয়ে যেতে পারবেন।

গ্রেটার ম্যানচেস্টার পুলিশের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছিল, ‘গত ৪ আগস্ট ২০২৫ আমরা একটি ধর্ষণের অভিযোগ পাই। এ ঘটনায় ২৪ বছর বয়সী এক পুরুষকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ করা হয় যে ঘটনাটি ঘটেছিল বুধবার, ২৩ জুলাই ২০২৫-এ ম্যানচেস্টারের একটি স্থাপনায়। অভিযুক্ত ব্যক্তিকে পরবর্তীতে জামিনে মুক্তি দেওয়া হয়েছে এবং তদন্ত চলাকালীন ভুক্তভোগীকে আমাদের অফিসাররা সহায়তা প্রদান করেছেন।”

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, হায়দারকে গ্রেফতার করা হয়েছিল বেকেনহ্যামে। সেটা ছিল পাকিস্তান ‘শাহীনস’ দল বা ‘এ’ দল পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচের ভেন্যু। সফরের প্রথম দুই ম্যাচ হয়েছিল ২২ ও ২৫ জুলাই। মাঝের ২৩ জুলাই ম্যানচেস্টারে ধর্ষণের সেই কথিত ধর্ষণের ঘটনা ঘটে। প্রমাণিত হলে যুক্তরাজ্যে এ ধরনের অপরাধে সর্বোচ্চ শাস্তি আজীবন কারাদণ্ড।

অবশেষে মামলার তদন্তে কোনো সুনির্দিষ্ট প্রমাণ না মেলায় হায়দার আলীর বিরুদ্ধে অভিযোগ খারিজ হয়েছে। এতে বড় স্বস্তি ফিরে এসেছে পাকিস্তানি তারকার জীবনে, যিনি দীর্ঘদিন ধরে জাতীয় দলে জায়গা হারিয়ে ক্রিকেট থেকে উপেক্ষিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত