কুড়িগ্রামে ঝুঁকিপূর্ণ সেতু: বন্ধ ভারি যান চলাচল

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার একটি সড়কের আধা কিলোমিটারের মধ্যে দুটি সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেতু দুটিতে আরসিসি গার্ডার ও পলেস্তারা খসে পড়েছে। এছাড়া একটি সেতুর অর্ধেক অংশও ধসে গেছে। তারপরও হালকা যানবাহনসহ হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে সেতু দুটি ব্যবহার করছে।

স্থানীয়রা জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ সেতু দুটি দ্রুত সংস্কার না হলে যে কোনো মুহূর্তে প্রাণহানিসহ বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সেতু দুটি উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজারগামী সড়কে অবস্থিত। উপজেলা এলজিইডি প্রকৌশল সূত্রে জানা গেছে, শিলখুড়ি ইউনিয়নের ১৫ মিটার ও ৩০ মিটার দৈর্ঘ্যের সেতু দুটি কয়েক বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। তবে বরাদ্দ না থাকার কারণে সেতু দুটি সংস্কার করা সম্ভব হচ্ছে না।

স্থানীয় বাসিন্দা রফিক বলেন, “ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে হালকা যান চলাচল করলেই কাঁপতে থাকে। যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই অতি দ্রুত সেতু দুটি সংস্কার করা দরকার। নইলে এই ইউনিয়নের মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।”

ভুরুঙ্গামারী উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার বলেন, “ঝুঁকিপূর্ণ সেতু দুটি নির্মাণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়ার সঙ্গে সঙ্গে নির্মাণ কাজ শুরু করা হবে।”