ফের আইসিইউতে ফরিদা পারভীন
লালন সম্রাজ্ঞী বলে খ্যাতি পাওয়া দেশের বর্ষীয়ান কণ্ঠশিল্পী ফরিদা পারভীনকে আবারও আইসিইউতে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। বাড়িতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে গত মঙ্গলবার রাতে কয়েকবার বমি হয় ফরিদার। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। ফরিদা পারভীনের চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয়সহ কয়েকজন উপদেষ্টা ফরিদা পারভীনের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
গত কয়েক বছর যাবৎ কিডনি রোগে ভুগছেন ফরিদা পারভীন। গত মাসেও শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বেশ কিছুদিন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছিলেন তিনি। হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন ফরিদা পারভীন। ফুসফুসের সমস্যা ছাড়াও ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ও থাইরয়েড জটিলতা রয়েছে তার।
নতুন গানে বিপ্লব
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির ঠিক আগে নতুন গান প্রকাশ করেন যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যান্ড তারকা বিপ্লব। শহীদদের স্মৃতিতে গাঁথা গানটির শিরোনাম ‘ও প্রিয় বাংলাদেশ’। এর কথা, সুর ও সংগীত করেছেন গায়ক নিজেই। আগেই বিপ্লব জানিয়েছেন, গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের জন্য বেশ কিছু গান তিনি প্রকাশ করবেন। ‘লাল জুলাই’র সেøাগানে গানগুলো প্রকাশ হবে ধারাবাহিকভাবে। তারই অংশ হিসেবে এবার প্রকাশ হলো নতুন আরও একটি গান। শিরোনাম ‘এক ঐক্যের বাংলাদেশ’। এর কথা লিখেছেন তরুণ সিং, সুর-সংগীত করেছেন জনি।
এদিকে ‘ও প্রিয় বাংলাদেশ’ গানটি প্রকাশ করে বিপ্লব বলেন, এক ঐক্যের বাংলাদেশ। দল, মত, গোষ্ঠী, ধর্ম, জাত, গোত্র, দ্বিধা-দ্বন্দ্ব, বৈষম্য-বিভাজন নির্বিশেষে আমাদের বাংলাদেশ। উপমহাদেশ থেকে বেরিয়েছি আমরা মহাদেশের সঙ্গে যুক্ত হতে, আর আমাদের প্রথম ও প্রধান পরিচয়, আমরা সবাই বাংলাদেশি। এর আগেও, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে একটি গান প্রকাশ করেছিলেন বিপ্লব। সেই গানটির শিরোনাম ‘নতুন বাংলাদেশ’। আর এবারের গানের শিরোনাম ‘এক ঐক্যের বাংলাদেশ’। গানটি প্রকাশ হয়েছে বিপ্লবের ইউটিউব ও ফেসবুকে।
ঘর ভাঙছে মোনালির!
এবার ঘর ভাঙার ঝড়ে ভারতের জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর। হঠাৎ করেই সামনে এসেছে গায়িকার দাম্পত্য জীবনের টানাপড়েনের খবর। মোনালি ও তার স্বামীর মধ্যে দীর্ঘদিন ধরেই দূরত্ব বাড়ছিল, যা এখন বিচ্ছেদের দিকে গড়াচ্ছে। সোশ্যাল মিডিয়ায় কিছু ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। মোনালি ইতিমধ্যেই ইনস্টাগ্রামে স্বামীকে আনফলো করেছেন এবং মুছে ফেলেছেন একসঙ্গে তোলা সব ছবি। ভারতীয় সংবাদমাধ্যমে গায়িকার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, গত বছর মোনালির মায়ের মৃত্যুর পর থেকেই দুজনের মধ্যে সম্পর্কের চির ধরে। তখন থেকেই তাদের মধ্যে যোগাযোগ বন্ধ ছিল।
২০১৭ সালে একটি ট্রিপের সময় মোনালি ও মাইকের প্রথম পরিচয় হয়। সেখান থেকেই শুরু হয় প্রেম, পরে গোপনে বিয়ে। ২০২০ সালে করোনাকালে ভক্তদের সামনে বিয়ের খবর প্রকাশ করেছিলেন মোনালি। তিনি জানিয়েছিলেন, তিন বছর আগেই সুইজারল্যান্ডের রেস্তোরাঁ ব্যবসায়ী মাইক রিখটারকে বিয়ে করেছেন তিনি। কয়েক বছরের ব্যবধানে মোনালি ও মাইকের সম্পর্ক অনেকটাই বদলে গেছে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা আসতে পারে।
গ্রেপ্তার আশীষ কাপুর
‘ইয়ে রিস্তা ক্যা কেহলাতা হ্যায়’ খ্যাত টেলিভিশন অভিনেতা আশীষ কাপুরকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ সংস্থা এএনআই জানায়, অভিনেতার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে দিল্লির সিভিল লাইনস থানায়। পুনের পুলিশ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার পর অবশেষে আটক করেন অভিনেতাকে। পুলিশের মতে, ভুক্তভোগী নারীর অভিযোগ অনুযায়ী গত আগস্টের দ্বিতীয় সপ্তাহে দিল্লির একটি হাউজ পার্টি চলাকালে অভিনেতা তাকে বাথরুমের ভেতরে জোর করে লাঞ্ছিত করেন। ১১ আগস্ট অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন ওই নারী, যার ওপর ভিত্তি করে অভিনেতার খোঁজ শুরু করে পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, ওই নারীর প্রাথমিক অভিযোগ অনুযায়ী আশীষ ছাড়াও আরও বেশ কয়েকজনের নাম উঠে এসেছিল। যদিও পরে বয়ানের বেশ কিছু অংশ পরিবর্তন করেন তিনি। প্রাথমিকভাবে অভিযোগ করা হয়েছে, বেশ কয়েকজন অজ্ঞাত পরিচয় পুরুষের সঙ্গে মিলিত হয়ে ওই নারীকে ধর্ষণ করেন অভিনেতা। পরে সেই বক্তব্য পরিবর্তিত করে শুধু আশীষের বিরুদ্ধেই এই অভিযোগ এনেছেন ভুক্তভোগী। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন অনুযায়ী, ওই নারী আরও জানিয়েছেন যে পুরো ঘটনাটি ভিডিও রেকর্ড করা হয়েছিল। যদিও এখন পর্যন্ত কোনও ভিডিও পায়নি পুলিশ।