১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চলচ্চিত্র অঙ্গনে বড় শূন্যতা তৈরি করে বিদায় নেন কালজয়ী এই নায়ক। মৃত্যুর এত বছর পরও দর্শক হৃদয়ে আজও বেঁচে আছেন বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহ। তার স্মরণে তার অভিনীত গান আর সিনেমা দিয়ে সাজানো হয়েছে বৈশাখী টেলিভিশনের পর্দা।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে ‘বৈশাখী সকালের গান’ অনুষ্ঠানে সালমান শাহ অভিনীত চলচ্চিত্রের কয়েকটি গান গাইবেন কণ্ঠশিল্পী আগুন।
প্রচার হবে সালমান শাহ অভিনীত দুটি সিনেমা। সকাল ১০টায় রয়েছে সালমান শাহ, মৌসুমী, আনোয়ারা, রাজীব অভিনীত ‘অন্তরে অন্তরে’। দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে সালমান শাহ, শাহনাজ, শাবনূর, শাবানা, আলমগীর অভিনীত ‘সত্যের মৃত্যু নেই’। দুপুর ১.০০ টায় রয়েছে আসিন জাহানের উপস্থাপনায় শুধু সিনেমার গান।
অনুষ্ঠানটি সাজানো হয়েছে সালমান শাহ অভিনীত চলচ্চিত্রের জনপ্রিয় কিছু গান দিয়ে। এরমধ্যে রয়েছে সালমান শাহ ও মৌসুমী অভিনীত তুমুল জনপ্রিয় চলচ্চিত্র কেয়ামত থেকে কেয়ামত, সালমান শাহ-শাবনূর অভিনীত তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, স্বপ্নের ঠিকানা, স্বপ্নের নায়ক, বিক্ষোভ, এবং মহামিলন চলচ্চিত্র। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নিকোলাস হীরা।