রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের ওপরে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ জন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ১০টার দিকে দুজনকে মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের লিডার পবিত্র কুমার জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা খবর পান, যাত্রাবাড়ী থানা সংলগ্ন ফ্লাইওভারের উপরে চিটাগং রোডের অংশে একটি অটোরিকশাতে পেছন থেকে বাস ধাক্কা দিয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তারা আহত ৩ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে ২ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহত দুজন হলেন, অটোরিকশার চালক শহিদুল (৫০), ইমরান (৪৮)। আর আহত হয়েছেন রফিক (৫০) নামে এক ব্যক্তি।
তিনি জানান, জানা গেছে ফ্লাইওভারের উপরে সিএনজি অটোরিকশাটির যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেখানেই থামিয়ে মেরামত করার চেষ্টা করছিলেন চালক। তখনই পিছন থেকে বাসটি এসে ধাক্কা দেয়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে। আর আহত ব্যক্তি জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।