রূপগঞ্জে শুটার রিয়াজ বাহিনীর পাঁচ সহযোগী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে শুটার রিয়াজ বাহিনীর পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশ। গতকাল শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি আভিযানিক দল এবং রূপগঞ্জ থানা পুলিশের যৌথ টিম এ অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। 

সেনাবাহিনীর পূর্বাচল ক্যাম্পের ইনচার্জ মেজর ইরতিজা জানান, শওকত আলী রিয়াজ ওরফে শুটার রিয়াজের সহযোগী সাব্বির ও তার দলবল দীর্ঘদিন ধরে এলাকায় অবস্থান করছিল। অভিযানে সেনাবাহিনী ও পুলিশ মুড়াপাড়ার একটি পরিত্যক্ত বাড়ি ঘিরে ফেললে আসামিরা পালানোর চেষ্টা করে। এ সময় যৌথবাহিনী তৎক্ষণাৎ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করতে সক্ষম হয়। আটকরা হলেন রমজান মোল্লা (৩৫), সবুজ (২৬), মেহেদী হাসান (২৫), এনামুল হক (২৫) ও সুমন হোসেন (২৩)।

রূপগঞ্জ থানা সূত্র জানায়, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, ১৪টি বারুদ বোমা, ছয় বোতল ফেনসিডিল, নয় পিস ইয়াবা, ১৫ গ্রাম গাঁজা এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে সাব্বির, মামুনসহ কয়েকজন সহযোগী পালিয়ে যায়।

এ ব্যাপারে জানতে চাইলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, শুটার রিয়াজ বাহিনীর গ্রেপ্তার সদস্যরা এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টি করে আসছিল। ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ, জোরপূর্বক দখল, বালু ভরাট ও মাদক ব্যবসা থেকে শুরু করে অস্ত্রের মহড়া দিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত করে তুলেছিল তারা।

ওসি তরিকুল ইসলাম আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় অভিযান চালানো হয়। টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলেও পাঁচজনকে আটক করা সম্ভব হয়। বাকীরা পালিয়ে যায়। তাদের ধরতে আবারও অভিযান চালানো হবে।