ঝিনাইদহের শৈলকুপার সতের মাইল এলাকার কানাপুকুর থেকে অর্ধগলিত মসিউল আলম রজু (৮৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০৬ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পাশে একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ ।
নিহত মশিউল আলম রজু একই উপজেলার পদমদী গ্রামের বাসিন্দা।
নিহত রজুর ভাতিজা সুমন আহমেদ জানান, গত ৪ তারিখ বিকাল থেকে আমার চাচা নিখোঁজ ছিলেন। আত্মীয়সহ বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে শুক্রবার মাইকিং করা হয়। আজ সকালে কানাপুকুরে আমার চাচার মরদেহ দেখে গ্রামবাসী খবর দেয়। খবর পাওয়া পর সেখানে গিয়ে তার মরদেহ দেখে পুলিশকে জানানো হয়।
শৈলকুপা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তর পর জানা যাবে এটা হত্যা না অন্য কিছু।