পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি স্থানীয় ক্রিকেট ম্যাচ চলাকালে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। গতকাল শনিবার বাজৌর জেলার খার তহসিলের কাওসার ক্রিকেট গ্রাউন্ডে এই ঘটনা ঘটে।
হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে পুলিশের ধারণা, সম্প্রতি নিরাপত্তা বাহিনী পরিচালিত ‘অপারেশন সারবাকাফ’-এর জেরে সন্ত্রাসীরাই এই কাণ্ড ঘটাতে পারে। বাজৌর জেলার পুলিশ কর্মকর্তা (ডিপিও) ওয়াকাস রফিক জানান, আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) ব্যবহার করে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। তিনি বলেন, ‘এটি একটি টার্গেটভিত্তিক হামলা বলে মনে হচ্ছে’।
গত সপ্তাহেও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সহিংসতায় প্রাণহানির ঘটনা ঘটেছে। কোহাট জেলার লাচি থানার এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন সন্ত্রাসী নিহত হয়। একই দিনে লাচি তহসিলের দরমালাক পুলিশ চেকপোস্টের কাছে একদল সশস্ত্র হামলাকারী পুলিশ ভ্যান লক্ষ্য করে গুলি চালালে এক কনস্টেবল নিহত হন। তারই ধারাবাহিকতায় ক্রিকেট মাঠে হামলা হয়েছে বলে পুলিশের ধারণা।
সাম্প্রতিক সময়ে জঙ্গি আক্রান্ত পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে। বিশেষ করে সীমান্তবর্তী উপজাতি অধ্যুষিত এলাকায় তালেবানপন্থী গোষ্ঠীগুলো সক্রিয় হয়ে উঠেছে। নিরাপত্তা বাহিনী চলমান অভিযানে কঠোর অবস্থান নিলেও হামলা ও পাল্টা হামলার ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ক্রিকেট মাঠে বোমা হামলার ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটকের খবর পাওয়া যায়নি।