পাকিস্তানের দায়িত্ব ছেড়ে নেদারল্যান্ডসের প্রধান কোচ হচ্ছেন নফকে

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পিএম

এশিয়ান গেমস শেষেই পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছেড়ে নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার অ্যাশলে নফকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি থাকলেও, মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করে দুই বছরের চুক্তিতে নেদারল্যান্ডস পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে যোগ দিচ্ছেন তিনি। 

মূলত ডাচদের ঘরানায় নতুন রুপ দিতে এবং তাদের আন্তর্জাতিক অঙ্গনে আরও এগিয়ে নিতেই এই দায়িত্ব নিচ্ছেন এই অভিজ্ঞ কোচ।

নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই দায়িত্ব নেওয়া প্রসঙ্গে নফকে বলেন, ‘ডাচ পুরুষ দলের সঙ্গে কাজ করার জন্য আমি উন্মুখ হয়ে আছি, যে দলটি এখন টি-টোয়েন্টি বিশ্বকাপের নিয়মিত মুখ হয়ে উঠেছে। এটি একটি প্রতিভাবান ও উদ্দীপ্ত দল, এবং আমার লক্ষ্য হলো সেই ধারাবাহিক বিকাশ অব্যাহত রাখা এবং প্রোগ্রামটিকে সামনে এগিয়ে নেওয়া। আমার কাজের পদ্ধতি কৌশল বা পরিকল্পনার চেয়ে পারস্পরিক সংযোগ দিয়েই শুরু হয়। আমি কাজ শুরু করার জন্য তর সইতে পারছি না।’

২০২৫ সালের মে মাসে বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান দলের সঙ্গে যুক্ত হওয়া নফকের এই অধ্যায়টি দীর্ঘস্থায়ী হলো না। মাত্র দেড় বছরের মাথায় তার এই প্রস্থান ফের একবার পাকিস্তান দলের কোচিং স্টাফে চলা অস্থিতিশীলতার চিত্রটিই সামনে এনেছে।

এর আগে গত জুলাইয়ে ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট আফগানিস্তান শিবিরে যোগ দেন এবং মে মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর পাকিস্তানের সাদা বলের ব্যাটিং কোচ হানিফ মালিক ও ফিজিও ক্লিফ ডিকন দল ছাড়েন। একের পর এক কোচিং স্টাফের বিদায়ের মিছিলে এবার নাম লেখালেন নফকে।

এদিকে ২০২৮ সালের শেষ পর্যন্ত চুক্তিবদ্ধ হওয়া নফকের মূল চ্যালেঞ্জ হবে নেদারল্যান্ডসকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে দিতে সাহায্য করা।

কোচিং ক্যারিয়ারে অতীতে দারুণ সব সাফল্য আছে নফকের। উইমেন্স বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিট, দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিট এবং অস্ট্রেলিয়ার ডব্লিউএনসিএল-এ কুইন্সল্যান্ড ফায়ারকে শিরোপা জিতিয়েছেন তিনি। এছাড়া নিউজিল্যান্ডে ওতাগো পুরুষ দলের কর্মসূচি পরিচালনা এবং ডব্লিউপিএলে ইউপি ওয়ারিয়র্সের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত