পরকীয়া সন্দেহ থেকে তর্কাতর্কি অতঃপর স্বামী খুন

চট্টগ্রামে প্রতিবেশী যুবকের সঙ্গে স্ত্রীর পরকীয়া সম্পর্ক আছে, এমন সন্দেহ থেকে কথাকাটাকাটির জেরে স্বামীকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। নিহত ওই স্বামীর নাম আকিব হোসেন (৩২)। তিনি দুবাই থেকে এক মাস আগে দেশে আসেন।  শনিবার (৭ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে নগরের পূর্ব চান্দগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। 

পুলিশ নিহতের স্ত্রী পুষ্প আকতারকে হেফাজতে নিয়েছে। আটক করা হয়েছে প্রতিবেশী সাইফুল ইসলাম নামের ওই যুবককে। 

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির  বলেন, ‘স্ত্রীর সঙ্গে সম্পর্কের সন্দেহ থেকে তর্কাতর্কির এক পর্যায়ে আকিব হোসেন নামে এক প্রবাসীকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রতিবেশী সাইফুল ইসলাম নামে এক যুবককে আটক করা হয়েছে। পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে খুন হওয়া প্রবাসীর স্ত্রীকে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। 

পুলিশ জানায়, আকিবের স্ত্রীর সঙ্গে সাইফুলের ‘সম্পর্ক’ নিয়ে তার পরিবারে নানা প্রশ্ন ওঠে। বিষয়টি নিয়ে সুরাহার জন্য শনিবার রাতে আকিবের বাসায় আসেন সাইফুল। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে আকিবকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। রবিবার নিহত আকিবের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। নিহত আকিবের ছয় বছর ও তিন মাস বয়সী দুই সন্তান রয়েছে।