সীমিত রপ্তানি পণ্যে বড় চ্যালেঞ্জ

রপ্তানি পণ্য সীমিত হওয়ার কারণে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশকে অনেক বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এর জন্য ব্যবসায়ীদের পণ্যের বহুমুখীকরণ ও নতুন বাণিজ্যিক গন্তব্য খোঁজার আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল রবিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাণিজ্যবিষয়ক দর-কষাকষিতে জাতীয় সক্ষমতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ও ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় আয়োজিত কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, ‘দর-কষাকষির (ট্রেড নেগোসিয়েশন) জন্য নানা বাধা মোকাবিলা করতে হয়। নন ট্রেড নেগোসিয়েশনে আরও বেশি বাধা আসে। মার্কিন যুক্তরাষ্ট্র যাতে কম শুল্ক আরোপ করে, তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা ও অভিজ্ঞতার মাধ্যমে চেষ্টা করেছি। বিশ্বাস করি সেটি করতে পেরেছি।’

শেখ বশিরউদ্দীন বলেন, ‘আমাদের রপ্তানিতেও বৈচিত্র্য নেই। দেশে তৈরি বেশিরভাগ পণ্যের কাঁচামাল দেশে উৎপাদিত হয় না। বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন দেশ থেকে মধ্যবর্তী পণ্য আমদানি করা হয়। তারপর মূল্য সংযোজন করে তা রপ্তানি করা হয়।’

তার মতে, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের এ সময় বাণিজ্য আলোচনায় সক্ষমতা অর্জন অত্যন্ত জরুরি। এর মাধ্যমে দেশের জন্য অনুকূল বাণিজ্যচুক্তি নিশ্চিত করা সম্ভব হবে। তা দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে সহায়ক ভূমিকা পালন করবে।

উপদেষ্টা বলেন, ‘আমাদের রপ্তানিপণ্য খুবই সীমিত। পণ্যের বহুমুখীকরণ না হওয়ায় আমাদের অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। এটি আমাদের কমিয়ে আনতে হবে।’

শেখ বশিরউদ্দীন বলেন, মন্ত্রণালয়, ইউএনডিপি, এফসিডিও এবং অন্য অংশীদারদের মধ্যে টেকসই সহযোগিতার মাধ্যমে চলমান প্রশিক্ষণ উদীয়মান বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়-সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।

অনুষ্ঠানে প্যানেল আলোচক ছিলেন ইউএনডিপির কান্ট্রি ইকোনমিক অ্যাডভাইজর ওয়াইস প্যারি, রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‌্যাপিড) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) ও ইপিবির ভাইস চেয়ারম্যান মো. আবদুর রহিম খান।