আকু বিল পরিশোধের পরও রিজার্ভ ৩০ বিলিয়নের ওপরে

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) জুলাই ও আগস্ট মাসের আমদানি বিল পরিশোধের পরও দেশের রিজার্ভ ৩০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, বাংলাদেশ ব্যাংক গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আকুতে প্রায় ১৫০ কোটি ডলার পরিশোধ করে। এতে আগের দিন বুধবারের তুলনায় রিজার্ভ কিছুটা কমে ৩০ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব-পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন নেমে এসেছে ২৫ দশমিক ৩০ বিলিয়ন ডলারে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানিয়েছেন, বুধবার দিন শেষে রিজার্ভ ছিল ৩১ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। বিপিএম-৬ অনুযায়ী তা দাঁড়িয়েছিল ২৬ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। তবে আকুতে বিল পরিশোধের কারণে বৃহস্পতিবার সেই রিজার্ভ প্রায় দেড় বিলিয়ন ডলার কমে যায়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের মে ও জুন মাসের আমদানি বিল হিসেবে আকুতে ২০১ কোটি ডলার পরিশোধ করা হয়েছিল। সেই তুলনায় জুলাই ও আগস্টে আমদানি কিছুটা কমেছে। ফলে বিলের চাপও কিছুটা হালকা হয়েছে। তবে নিয়মিত এই পরিশোধ বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ সৃষ্টি করছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, নিয়মিত আকু বিল পরিশোধের ফলে রিজার্ভ ওঠানামা করবে। তবে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য হচ্ছে রিজার্ভের স্তর অন্তত ২৫ বিলিয়ন ডলারের ওপরে ধরে রাখা। এজন্য রেমিট্যান্স প্রণোদনা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে এবং রপ্তানি আয়ের ডলার দেশে ফেরত আনার বিষয়ে কঠোরতা বাড়ানো হয়েছে।