মেট্রোরেল প্রকল্পে  নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্ত করার দাবি

নারায়ণগঞ্জকে মেট্রোরেল প্রকল্পে যুক্ত করার দাবিতে ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের আয়োজনে শহরের প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহমেদ, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি মাওলানা মাছুম বিল্লাহ, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা মেট্রোরেল প্রকল্পের সঙ্গে দেশের শীর্ষ করদাতা জেলা শিল্পনগরী নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্ত করার দাবি জানান। অন্যথায় সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এমআরটি-২ প্রকল্পে নারায়ণগঞ্জ শহর, আদমজী, মদনপুরকে যুক্ত রেখে প্রকল্পটি বাস্তবায়নের দাবি জানানো হয়।