৭৫ বছর বয়সে বিএ পাস সাদেককে বাউবির সংবর্ধনা

৭৫ বছর বয়সী শিক্ষার্থী মো. সাদেক আলী প্রামাণিককে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। গতকাল রবিবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সাদেক আলী এ বছর বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয় থেকে বিএ পাস করেন।

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘অসুস্থ শরীর, ভাঙা পা, তবু ৭৫ বছর বয়সে বিএ পাসের এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, শিক্ষার কোনো বয়স নেই। সাদেক আলী অদম্য যোদ্ধা, এ সমাজের বাতিঘর।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস এবং ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম।

বক্তারা বলেন, বয়স কোনো শিক্ষার অন্তরায় নয়। সাদেক আলী প্রামাণিক বলেন, ‘আমি ছোটবেলায় বাবা-মা হারিয়ে অনেক কষ্টের মধ্যে বেড়ে উঠেছি। আর্থিক সংকটে ইন্টারমিডিয়েটের পর পড়া ছাড়তে হয়। কৃষিকাজে মন দিয়ে পরিশ্রম করে জমিজমা, খামার ও বাগান গড়ে তুলি। ২০১৬ সালে পবিত্র হজ সম্পাদনের পর ছেলের উৎসাহে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ভালো ফল করি, যা জীবনে নতুন অনুপ্রেরণা এনে দেয়।’