টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা, ভাঙচুর

টাঙ্গাইলে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর বাসায় গত শনিবার মধ্যরাতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। ওই বাসার কেয়ারটেকার সুব্রত জানান, রাতে কাদের সিদ্দিকী তৃতীয়তলায় ঘুমাচ্ছিলেন। এ সময় ১৫-২০ জন বাসা লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। তাদের মধ্যে তিনজন মই দিয়ে বাসার গেট টপকে ভেতরে ঢুকে দুটি গাড়ি ভাঙচুর করে এবং পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। হামলাকারীদের সবার মাথায় হেলমেট ও গামছা দিয়ে মুখ বাঁধা ছিল। তাদের সবার হাতে রামদা, চাপাতি ছিল।

টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, রাত ১২টা ৩৫ মিনিটের দিকে দুষ্কৃতকারীরা হামলা চালায় বলে জানতে পেরেছি। এ সময় বাড়িটির দোতলায় অবস্থিত ‘সোনার বাংলা’ কমিউনিটি সেন্টারের জানালার কাচ ভাঙে তারা। পরে মই বেয়ে ভেতরে ঢুকে নিচে রাখা দুটি গাড়ি ভাঙচুর করে। রাতেই আমরা ঘটনাস্থলে গিয়ে কাদের সিদ্দিকীর সঙ্গে দেখা করি। বিষয়টি আমরা তদন্ত করছি।

এদিকে এ ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গতকাল রবিবার দুপুরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী বলেন, ‘আমার বাড়ির ওপর হামলার মধ্য দিয়ে এ চোরাগোপ্তা হামলা বন্ধ করা হোক। এটা অন্তর্বর্তী সরকারের কাছে আমার নিবেদন।’

গতকাল টাঙ্গাইল শহরের কবি নজরুল সরণির (জেলা সদর সড়ক) বাসভবনে তিনি আরও বলেন, ‘আমার বাড়ি ভেঙেছে, আরও ভাঙুক। বঙ্গবন্ধুর ৩২-এর বাড়িতে গিয়েছিলাম, আমার গাড়ি ভেঙেছিল। আরও ভেঙে যদি দেশে শান্তি স্থাপিত হয়, দেশের কল্যাণ হয়, আমি সবসময় রাজি আছি।’

কাদের সিদ্দিকী বলেন, ‘গত রাতে আমার বাড়িতে হামলা করেছে। কারা করেছে, জানি না। ১০-১২ জন লোক, তার মধ্যে বেশি বাচ্চা ছিল। ঢিল মেরেছে, গাড়ি ভেঙেছে। কোটাবিরোধী আন্দোলন, বৈষম্যবিরোধী আন্দোলনের পরে আমরা এই স্বৈরাচারী মনোভাব আশা করিনি। আওয়ামী লীগ যদি স্বৈরাচারী হয়, তাহলে আজকের অ্যাকটিভিটিকে (কর্মকাণ্ড) আমরা কী বলে অভিহিত করব।’