এশিয়া কাপে বাংলাদেশকে হারানোর হুমকি দিল হংকং

প্রায় ১১ বছর আগে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল হংকং। বিস্ময়করভাবে টেস্ট খেলুড়ে বাংলাদেশকে সেদিন হারিয়ে দিয়েছিল আইসিসির সহযোগী সদস্য দেশটি। আজ থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপেও দুই দলের লড়াই দেখা যাবে। আগামী ১১ সেপ্টেম্বরের ওই ম্যাচের আগে বাংলাদেশকে হুমকিই দিয়ে রাখলেন নিজাকাত খান।

টি-টোয়েন্টিতে ওই একবারই বাংলাদেশের মুখোমুখি হয়েছিল হংকং। সেই ম্যাচে বাংলাদেশকে ১০৮ রানে অলআউট করে দেওয়ার পথে ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন নিজাকাত খান। সেই স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘খুব বিশেষ জয় ছিল, বাংলাদেশকে তাদের মাঠে হারানো খুব কঠিন। আমার ম্যাচটা ভালোভাবেই মনে আছে। একটা পর্যায়ে তারা ভালো খেলছিল, কিন্তু আমরা ম্যাচে ফিরে আসি। খুব স্মৃতিময় এক জয়।’

এবার এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজাকাতদের প্রতিপক্ষ বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। প্রতিপক্ষ সব টেস্ট খেলুড়ে হলেও জয়ের আত্মবিশ্বাস আছে স্পিন অল-রাউন্ডার নিজাকাতের, ,‘আমাদের সেই বিশ্বাস আছে (হারিয়ে দেওয়ার)। ও রকম খেলোয়াড়ও আছে, যারা ম্যাচটা জিতিয়ে দিতে পারে নির্দিষ্ট দিনে যে ভালো খেলবে। এটা ২–৩ ওভারের ম্যাচ। টি–টোয়েন্টি খুব মজার খেলা। আমাদের দল অনেকটা প্রস্তুত।’

হংকংয়ের এই ক্রিকেটার আরও বলেন, ‘টি–টোয়েন্টি ক্রিকেটে কোনো হুমকি নেই। আপনি যদি নির্দিষ্ট দিনে ভালো খেলেন, জিতবেন। শক্তিশালী দলের সঙ্গে খেলছেন নাকি দুর্বল দলের সঙ্গে—এতে কিছু যায় আসে না। অতীতেও এমন হয়েছে। আমরাও করেছি। আফগানিস্তানকে হারিয়েছি, বাংলাদেশকেও হারিয়েছি। যদি আমরা প্রথম বল থেকে সর্বোচ্চটা দিয়ে খেলতে পারি, আপনি জানেন না কী হবে।’