কুষ্টিয়ায় বাসের ধাক্কায় আইনজীবী নিহত

কুষ্টিয়া শহরে বাসের ধাক্কায় এক আইনজীবী নিহত হয়েছেন। এসময় অটো চালকসহ দুইজন গুরুতর আহত হন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদাহ মহাসড়কের সদর উপজেলার মোড় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দবোরা খানম সারিকা শহরের আমলাপাড়া এলাকার বাসিন্দা রিয়াদুর সালেহীন মুনের স্ত্রী ও কুষ্টিয়া আইনজীবী সমিতির ২০২৪ ব্যাচের সদস্য।

প্রত্যক্ষদর্শীর বরাতে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, মঙ্গলবার সকালে পার্শ্ববর্তী পকেট রোড থেকে ওই অটোরিকশাটি মহাসড়কে প্রবেশের সময় চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অ্যাডভোকেট দবোরা খানম মারা যান।

কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুলতান জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও চালকের সহকারী পালিয়ে গেছেন।